রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী ট্রাক আটকে দেয়া মানবতার বিরুদ্ধে অবরোধ: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i45849-রোহিঙ্গাদের_জন্য_ত্রাণবাহী_ট্রাক_আটকে_দেয়া_মানবতার_বিরুদ্ধে_অবরোধ_মির্জা_ফখরুল
মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিতে না দেয়া এবং ত্রাণবাহী ট্রাক আটকে দেয়াকে 'মানবতার বিরুদ্ধে অবরোধ' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০১৭ ১৪:৪৭ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম
    সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিতে না দেয়া এবং ত্রাণবাহী ট্রাক আটকে দেয়াকে 'মানবতার বিরুদ্ধে অবরোধ' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (বৃহস্পতিবার) রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। রোহিঙ্গাদের জন্য ২২ ট্রাক ত্রাণ নিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে গত ১৩ সেপ্টেম্বর কক্সবাজার থেকে উখিয়া রওনা দিলে পুলিশ তাতে বাধা দেয়। নেতাদের বিএনপি অফিসে অবরুদ্ধ করে রাখে।

এ ঘটনার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, "ত্রাণের নামে আওয়ামী লীগ বিশাল লুটপাটের সুযোগ সৃষ্টি করে। মানুষের জন্য ত্রাণ সংগ্রহ করা, আর তা বিতরণ করতে যাওয়া এক নয়। লোক দেখানো কাজ আপনারা করেন। লোক দেখানোর নামে উন্নয়নের লুটপাট আপনাদের স্বভাবজাত।"

জিয়া পরিবারের সদস্যদের বিদেশে টাকা পাচারের তদন্ত হচ্ছে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, "এ ধরনের প্রচারণা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। হীন রাজনৈতিক উদ্দেশ্য ও জনগণকে বিভ্রান্ত করতে এবং রোহিঙ্গা সমস্যার মোকাবেলায় ব্যর্থতা ঢাকতেই শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এমন মিথ্যাচার করছেন।"

সংবাদ সম্মেলনে, দেশে আইনের শাসনের ছিটেফোঁটাও অবশিষ্ট নেই বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গত ১২ সেপ্টেম্বর তার বাড়িতে পূজা উদযাপন কমিটির প্রস্তুতি সভা ও দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচিতে পুলিশি হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, পুলিশ বাহিনী বর্তমান সরকার যাদের পেটোয়া বাহিনীতে রূপান্তরিত করেছে, তাদের দিয়েই হামলা চালানো হয়েছে। হামলাকারী পুলিশ সদস্যরা ইটপাটকেল ছুড়ে আমার বাড়ির কাঁচের জানালা-দরজা ভাংচুর করে এবং বাড়ির আঙিনা থেকে নেতাকর্মীদের তিনটি মোটরসাইকেল পুলিশভ্যানে উঠিয়ে নিয়ে যায়। শুধু তাই নয়, আমার পুত্রবধূ নিপুণ রায়সহ সভাস্থলে আসা ব্যক্তিদের দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখে পুলিশ।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, শান্তিপূর্ণ ও পারিবারিক পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে পুলিশি হামলার ঘটনায় আবারও প্রমাণিত হলো, দেশে আইনের শাসনের ছিটেফোঁটাও অবশিষ্ট নেই। আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে শান্তি, স্বস্তি এবং স্থিতির বদলে অশান্তি ও নৈরাজ্যের আগুন জ্বালানোর পাশাপাশি নতুন নতুন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়ে জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার যে দক্ষতা দেখিয়েছে তা নজীরবিহীন। ঘটনা তদন্তসাপেক্ষে বিচারের দাবিও জানান এ বিএনপি নেতা#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৪