ত্রাণ দিতে নয়, ছবি তুলতে গিয়েছিল বিএনপি: ওবায়দুল কাদের
বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য বিএনপির ত্রাণ কার্যক্রমে বাধা দেয়ার অভিযোগ নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি তো ত্রাণ দিতে যায় না, তারা যায় কয়েকটা নিউজ আর ছবির জন্য। এরপর দলীয় কার্যালয়ে এসে সংবাদ সম্মেলন করে।
আজ (শুক্রবার) সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
শৃঙ্খলা না মানায় বিএনপি বাধার সম্মুখীন হয়েছে- এমন ইঙ্গিত করে ওবায়দুল কাদের আরও বলেন, কয়েকটা ট্রাক নিয়ে গিয়েছিল। সেখানে ত্রাণ ছিল কি-না, অন্য কিছু থাকলেও থাকতে পারে। এতে বিস্মিত হওয়ার কিছু নেই।
তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়কে সঙ্গে নিয়েই সতর্কতার সঙ্গে কাজ করছে সরকার। বিশাল একটা শরণার্থীর স্রোত আমাদের সামলাতে হচ্ছে। আর এটা এই সরকারের আমলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটি আমরা এখন অতিক্রম করছি অত্যন্ত সতর্কতার সঙ্গে, ঠাণ্ডা মাথায়। যেভাবে আন্তর্জাতিক জনমত গড়ে উঠছে, তাতে মিয়ানমারের ওপর ক্রমবর্ধমান যে চাপ এই চাপকে এড়িয়ে তাদের পক্ষে এই সংকটকে প্রলম্বিত করা সম্ভব হবে না, এটাই আমাদের আশা। এ সময়, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার নামে চাঁদাবাজি সহ্য করা হবে না বলেও হুশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সরকারের ভুল নীতির কারণেই প্রতিদিন ১০/ ১২ জন রোহিঙ্গা মারা যাচ্ছে: রিজভী
এদিকে, বাংলাদেশ সরকারের ভুল নীতির কারণেই প্রতিদিন ১০ থেকে ১২ জন রোহিঙ্গা বৃদ্ধ ও শিশু মারা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় নাগরিক সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরও বলেন, সরকারের নীতির কারণে প্রতিদিন ১০ থেকে ১২ জন বৃদ্ধ ও শিশু রোহিঙ্গা মারা যাচ্ছে। এছাড়া বাইরে থেকে যে ত্রাণ আসবে তা বিতরণের বিষয়ে গণমাধ্যমে যাতে জানতে না পারে সেই চেষ্টা হচ্ছে। কারণ সেখানে লুটপাটের একটি সুযোগ থাকবে। আর অং সান সূচির কর্মকাণ্ডের সঙ্গে শেখ হাসিনার কর্মকাণ্ডের কোন গরমিল নেই বলেও মন্তব্য করেন রিজভী।
বিএনপি কেন রোহিঙ্গাদের ত্রাণ দিতে পারবে না- ফারুকের প্রশ্ন
অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আপনি যদি সত্যিই ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, তাহলে কেন বিএনপির ত্রাণকাজে বাধা দেন। রোহিঙ্গারা কি আওয়ামী লীগ এবং জেলা প্রশাসকদের আত্মীয় যে বিএনপি তাদের ত্রাণ দিতে পারবে না?
আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তারেক জিয়া সাইবার ফোর্স নামে একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
সর্বদলীয় আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান এবং তাদের আশ্রয়, খাওয়া-দাওয়া, নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান জয়নুল আবদীন ফারুক।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৫