রোহিঙ্গাদের পক্ষে ঢাকায় হেফাজতের বিশাল মিছিল, মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি
https://parstoday.ir/bn/news/bangladesh-i46079-রোহিঙ্গাদের_পক্ষে_ঢাকায়_হেফাজতের_বিশাল_মিছিল_মিয়ানমার_দূতাবাসে_স্মারকলিপি
রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা-নির্যাতনের প্রতিবাদে ঢাকায় মিয়ানমার দূতাবাস ও জাতিসংঘ অফিসে স্মরকলিপি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০১৭ ১৩:৩৮ Asia/Dhaka

রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা-নির্যাতনের প্রতিবাদে ঢাকায় মিয়ানমার দূতাবাস ও জাতিসংঘ অফিসে স্মরকলিপি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ (সোমবার) দুপুর ১২টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে থেকে হেফাজতে ইসলামের বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিল নিয়ে গুলশানে মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হন। মিছিলটি শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পুলিশের বাধার মুখে সংগঠনের নেতারা শান্তিনগর মোড়ে অবস্থান নেন।

সেখান থেকে সংগঠনের ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হোসেন কাসেমির নেতৃত্বে কয়েকজন নেতা মিয়ানমার দূতাবাসে গিয়ে একটি স্মারকলিপি দিয়ে আসেন। স্মারকলিপিতে রাখাইন রাজ্যে গণহত্যা বন্ধ, রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়া, বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গাদের অবিলম্বে ফেরত নেয়ার দাবি জানানো হয়।

এ সময় শান্তিনগর মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ ঢাকা মহানগরের আহ্বায়ক নুর হোসাইন কাসেমি বলেছেন, মিয়ানমার একটি সন্ত্রাসী রাষ্ট্র; তাদের দূতাবাস এ দেশে থাকার কোনো প্রয়োজন নেই।   

রোহিঙ্গা মুসলিম হত্যা বন্ধে জাতিসংঘ এবং ওআইসিসহ আর্ন্তজাতিক সংগঠনগুলোর মাধ্যমে কুটনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, মিয়ানমার শান্তিপূর্ণ উপায়ে সমাধান না করলে বাংলাদেশ সরকারকে সামরিক অভিযান চালিয়ে আরাকান স্বাধীন করতে হবে। আর সরকারের এ অভিযানে দেশের ১৬ কোটি মানুষ তাদের সাথে থাকবে।

সমাবেশে হেফাজতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, রোহিঙ্গাদের খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা খুব দ্রুত করতে হবে। অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনী দিয়ে এই রোহিঙ্গাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। 

সমাবেশে হেফাজতে ইসলাম-এর নেতারা বলেছেন, স্বাধীন আরাকান রাজ্য গঠনের মাধ্যমেই কেবল রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব।

চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের মানববন্ধন

এ দিকে, রোহিঙ্গাদের প্রতি সমবেদনা জানাতে বাংলাদেশের চলচ্চিত্র জগতের শিল্পী ও কলাকুশলীরা আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে।    

চলচ্চিত্র জগতের ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবার কর্তৃক পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এ মানববন্ধনে যোগ দিয়ে পরিচালক ও শিল্পীরা   রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ ও তাদেরকে মিয়ানমারে ফেরত নিয়ে যাওয়ার আহ্বান জানান।  

চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক ছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান প্রমুখ।

২০০ রোহিঙ্গা আটক

অপরদিকে, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক আজ দুপুরে পুলিশ সদর দফতরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া প্রায় ২০০ রোহিঙ্গাদের আটক করে ক্যাম্পে পাঠানো হয়েছে

আইজিপি শহীদুল হক বলেন, 'মানবিক দিক বিবেচনা করে দুই হাজার একর জমিতে রোহিঙ্গাদের থাকার জন্য শরণার্থী শিবিরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কেন না এদেশে থাকার কোনো বৈধ কাগজপত্র তাদের কাছে নেই। তাই নির্দিষ্ট শিবিরের বাইরে ছড়িয়ে পড়লে আইন অনুযায়ী তারা অবৈধ ব্যক্তি হিসেবে গণ্য হবে।'

রোহিঙ্গাদের জঙ্গিবাদে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে কিনা জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক বলেন, 'আমরা এখানে কাউকে জঙ্গিবাদ ছড়িয়ে দিতে দেব না।'#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৮