রোহিঙ্গা ইস্যুতে ট্রাম্পের সহায়তা আশা করেন না শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i46129-রোহিঙ্গা_ইস্যুতে_ট্রাম্পের_সহায়তা_আশা_করেন_না_শেখ_হাসিনা
মিয়ানমার থেকে পালিয়ে আসার রোহিঙ্গা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কোনো সহায়তা আশা করেন না বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০১৭ ১১:১২ Asia/Dhaka
  • নিউ ইয়র্কে শেখ হাসিনা
    নিউ ইয়র্কে শেখ হাসিনা

মিয়ানমার থেকে পালিয়ে আসার রোহিঙ্গা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কোনো সহায়তা আশা করেন না বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় গতকাল (সোমবার) রোহিঙ্গা শরণার্থী বিষয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলার পর বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

এর আগে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছিল, নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সোমবার এক পার্শ্ববৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাম্প বলেছেন, "আমেরিকা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে রয়েছে। কীভাবে এই সমস্যার সমাধান করা যায় আমেরিকা তা দেখবে।" 

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলছেন শেখ হাসিনা

কিন্তু ট্রাম্পের সঙ্গে আলাপের পর রয়টার্সের সাংবাদিক মিশেল নিকোলসকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, সভাস্থল ছাড়ার পর ট্রাম্পকে তিনি কয়েক মিনিটের জন্য থামান। এ সময় ট্রাম্প বাংলাদেশের খবর জানতে চান। শেখ হাসিনা বলেন, "আমি বলি, বাংলাদেশ খুব ভালো অবস্থায় আছে। তবে আমাদের একমাত্র সমস্যা মিয়ানমার থেকে আসা শরণার্থীরা। কিন্তু ট্রাম্প শরণার্থীদের নিয়ে কোনো মন্তব্য করেননি।"

রয়টার্সকে শেখ হাসিনা আরও বলেন, ‘"আমেরিকা ঘোষণা করেছে যে তারা শরণার্থীদের গ্রহণ করবে না। আমি তাঁর কাছ থেকে কী আশা করতে পারি? বিশেষ করে প্রেসিডেন্টের কাছ থেকে। তিনি এরই মধ্যে তার মনোভাব প্রকাশ করেছেন। সুতরাং আমি তাকে কেন জিজ্ঞেস করতে যাব?"

শেখ হাসিনা বলেন, "বাংলাদেশ ধনী দেশ নয়...কিন্তু যদি আমরা ১৬ কোটি মানুষকে খাওয়াতে পারি, তাহলে আরও পাঁচ অথবা সাত লাখ মানুষকেও খাওয়াতে পারব।"

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়ার ভেতর এক রোহিঙ্গা শিশু

সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর তিনি আরও আন্তর্জাতিক চাপ দেখতে চান।

মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে উদ্দেশ করে শেখ হাসিনা আরও বলেন, "মানতে হবে যে এই মানুষগুলো তাঁর দেশের এবং মিয়ানমারই তাদের দেশ। তাদের ফিরিয়ে নিতে হবে। এই মানুষগুলো দুর্ভোগে রয়েছে।"

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন নিউইয়র্কে অবস্থান করছেন। আগামী বৃহস্পতিবার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন শেখ হাসিনা।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৯