রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব জনমত গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নেই: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i46271-রোহিঙ্গা_ইস্যুতে_বিশ্ব_জনমত_গড়তে_জাতীয়_ঐক্যের_বিকল্প_নেই_ফখরুল
রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব জনমত গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০১৭ ১২:৩২ Asia/Dhaka
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব জনমত গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, মিয়ানমারের এই নির্যাতন হচ্ছে মানুষের ওপর মানবতার ওপর। মানবতার যেই অপমান হচ্ছে আমরা তার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছি। এখন পালিয়ে আসা রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরিয়ে দিতে প্রথমে দেশের মধ্যে জাতীয় ঐক্য তৈরি করতে হবে।

আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রোহিঙ্গাদের জন্য আর্থিক অনুদান গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ অনুষ্ঠান আয়োজন করে।

তিনি আরও বলেন, দুঃখজনক ব্যাপার সরকার রোহিঙ্গা ইস্যুতে প্রথমে সাড়া দেয়নি। আমাদের চিৎকার ও আহ্বানে জনমত তৈরি হওয়ার পর বিশ্ববাসী যখন সোচ্চার হয়েছে তখন তারা সাড়া দিতে বাধ্য হয়েছে। যদিও এখন পর্যন্ত রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।

মির্জা ফখরুল বলেন, ঐক্য সৃষ্টির চেষ্টা করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি। আমাদের সরকার ঐক্যে কখনও বিশ্বাস করে না। আর ঐক্যে বিশ্বাস করে না বলেই রোহিঙ্গা সমস্যা সমাধানে এখনও পর্যন্ত কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা তৈরি করতে পারেনি।

তিনি আরো বলেন, রোহিঙ্গাদের বাঁচানোর জন্য সমগ্র বিশ্বের প্রতি আমরা আহবান জানাচ্ছি। সকলের এগিয়ে আসা উচিত, মিয়ানমারকে বাধ্য করা উচিত এই হত্যকাণ্ড বন্ধ করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে। ঐক্যবদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে তাদের ফিরিয়ে দিতে হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

'সরকার মানুষকে জোর করে আতপ চাল খাওয়াচ্ছে'

এদিকে, সরকার মানুষকে জোর করে আতপ চাল খাওয়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চালের দাম নিয়ে মন্ত্রীদের বক্তব্য ডাহা চাপাবাজিতে পরিণত হয়েছে; যার সঙ্গে বাস্তবের কোন মিল নেই বলেও মন্তব্য করেন তিনি।

আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

তিনি আরও বলেন, মন্ত্রীদের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকের পরও কমেনি চালের দাম। চাল ব্যবসায়ী ও মিল মালিকরা চালের দাম ২ থেকে ৩ টাকা কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন বলে বাণিজ্যমন্ত্রীর দেয়া বক্তব্য বাগাড়ম্বর ছাড়া আর কিছুই নয়। রাজধানীর বিভিন্ন বাজারে চাল কিনতে আসা ক্রেতারা আগের দামেই চাল কিনছেন। গণমাধ্যমের খবর-রাজধানীর পাইকারি চালের বাজারসহ বিভিন্ন বাজারে পূর্বের দামে চাল বিক্রি হচ্ছে।

রিজভী বলেন, দুর্ভিক্ষের ছায়া এখন সারাদেশের ওপর বিস্তারলাভ করেছে। ধন-ধান্যে ভরা বাংলাদেশ এখন ভরে উঠতে যাচ্ছে ভাতের ফ্যান দাও চিৎকারে। বাংলাদেশে মহামন্বন্তর ধেয়ে আসছে।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২১