মিয়ানমার বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে- মুহিত: রোহিঙ্গাদের ফেরত নেবে না- এরশাদ
https://parstoday.ir/bn/news/bangladesh-i46439-মিয়ানমার_বাংলাদেশের_বিরুদ্ধে_যুদ্ধ_ঘোষণা_করেছে_মুহিত_রোহিঙ্গাদের_ফেরত_নেবে_না_এরশাদ
বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠিয়ে মিয়ানমার এ দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। চার লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী এ দেশের অর্থনৈতিক ও সামাজিক জীবনে দোলা দিয়েছে। তবে আমরা মুক্তিযুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছি। আমাদের প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে চেষ্টা করে যাচ্ছেন।’
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০১৭ ১৩:২২ Asia/Dhaka
  • আবুল মাল আবদুল মুহিত
    আবুল মাল আবদুল মুহিত

বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠিয়ে মিয়ানমার এ দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। চার লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী এ দেশের অর্থনৈতিক ও সামাজিক জীবনে দোলা দিয়েছে। তবে আমরা মুক্তিযুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছি। আমাদের প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে চেষ্টা করে যাচ্ছেন।’

আজ (রোববার) গাজীপুরের টঙ্গীতে অ্যাননটেক্স কারখানায় স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।

হুসেইন মুহম্মদ এরশাদ

রোহিঙ্গাদের আর ফিরিয়ে নেবে না মিয়ানমার: এরশাদের আশঙ্কা

এদিকে,  জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমার মনে হয় কোনো দিনই রোহিঙ্গাদের আর ফিরিয়ে নেবে না মিয়ানমার সরকার। এদের ভার আমাদেরই বহন করতে হবে। ওদের আশ্রয়-খাবারের ব্যবস্থা আমাদেরই করতে হবে।

আজ সকালে রংপুরের দর্শনা এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয়া অত্যন্ত কঠিন কাজ। এর পরও তাদের দেশে আশ্রয় দিতে হবে স্থায়ীভাবে, সেভাবেই পরিকল্পনা করতে হবে।
তিনি আরও  বলেনমিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সে দেশের সেনাবাহিনীর নেতৃত্বে যে গণহত্যা আর বর্বরতা চালানো হয়েছে তা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে।

রুহুল কবির রিজভী

'সরকারের ভ্রান্তনীতির কারণে অনেক রোহিঙ্গার সলিল সমাধি হয়েছে'

এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রোহিঙ্গাদের কথা উল্লেখ করে বলেছেন, ‘এই মুহূর্তে প্রয়োজন ছিল সরকারের দায়িত্ব নেয়ার। সেই মুহূর্তে তাঁরা তা নেয়নি; বরং নেতিবাচক কথা বলেছে। তাদের আইনশৃঙ্খলা বাহিনীর একটি সংগঠনের প্রধান প্রতিহত করা হবে, তাদের বলেছে। সরকার নির্লিপ্ত থাকার কারণে নাফ নদীতে অনেক শিশু, অনেক নারী সেখানে ভেসে গেছে। ওইদিকে আপনার নিরাপত্তা বাহিনীর গুলি, আর এদিকে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশ সরকারের ভ্রান্তনীতির কারণেই আজকে অনেক রোহিঙ্গার সলিল সমাধি হয়েছে।’

আজ সকালে কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব আরো বলেন, ‘এখন দেখছেন আন্তর্জাতিক সেন্টিমেন্ট রোহিঙ্গাদের পক্ষে। এই যে মানবিক বিপর্যয়, এই মানবিক বিপর্যয়ের কারণে বিশ্বের মানুষের হৃদয় কাঁদছে। তাদের হৃদয়ের মধ্যে অশ্রু ঝরছে। এই রকম একটি দুর্যোগে তো ঐক্যবদ্ধভাবেই মোকাবিলা করার কথা। গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য তো এটাই হওয়া উচিত, একটি সভ্য দেশের বৈশিষ্ট্য তো এটাই হওয়া উচিত।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মৎস্যবিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীসহ কেন্দ্রীয় ও জেলা শাখার নেতাকর্মীরা।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪