সরকার রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ- ফখরুল : জাতীয় ঐক্য হয়ে গেছে- কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i46621-সরকার_রোহিঙ্গা_পরিস্থিতি_নিয়ন্ত্রণে_ব্যর্থ_ফখরুল_জাতীয়_ঐক্য_হয়ে_গেছে_কাদের
বাংলাদেশের ক্ষমতাসীন সরকার রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০১৭ ১৪:৪২ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলাম
    ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলাম

বাংলাদেশের ক্ষমতাসীন সরকার রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (বুধবার) সকালে উখিয়ার বালুখালীতে ত্রাণ বিতরণের সময় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকারের উচিত ছিল জাতীয় ঐক্যের ডাক দেয়া। এতে সম্মিলিতভাবে আরও শক্তিশালী হয়ে রোহিঙ্গাদের জন্য কাজ করা সম্ভব হবে।

বিএনপি মহাসচিব বলেন, রোহিঙ্গা ইস্যুতে আমরা দেশের মধ্যে কোনো রাজনীতি করতে চাই না। ক্ষমতাসীন দলের নেতারা লোক দেখানো ত্রাণের কাজ করছেন, তারা সরকারি ত্রাণ ব্যবহার করছেন। তবে আমরা যতটুকু সম্ভব ত্রাণ দিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে চাই।

'রোহিঙ্গাদের পাশে বিএনপি না থাকলেও সমস্যা নেই'

ওদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় বিএনপি না থাকলেও সমস্যা নেই। কারণ এই ইস্যুতে এখন জাতীয় ঐক্য হয়ে গেছে।

বুধবার সকাল ১১টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মেডিকেল কেন্দ্র পরিদর্শন করে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা সংকট যতদিন আছে, আওয়ামী লীগ সরকার ততদিন তাদের পাশে থাকবে।

বিএনপি রোহিঙ্গা ইস্যুর সমাধান চায় না- উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা রোহিঙ্গা ইস্যু নিয়ে তামাশা করতে চায়। ঢাকায় এসি রুমে বসে সরকারের সমালোচনা করা ছাড়া আর কিছু করার নেই তাদের।

'দুর্গোৎসবের আলোকসজ্জা কমিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়ান'

অপরদিকে, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ কাজেই রোহিঙ্গাদের জীবন বাঁচাতে এদেশের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত সহযোগিতার হাত বাড়িয়েছে। হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, চলতি দুর্গোৎসবের আলোকসজ্জা কমিয়ে হলেও রোহিঙ্গাদের পাশে দাঁড়ান।

বুধবার শেরপুরের নকলা পৌরশহরের কালিমাতা মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শনকালে সমবেত হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে কৃষিমন্ত্রী এ আহবান জানান। #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৭