টেকনাফে জোয়ারের সঙ্গে ভেসে আসা ৩ রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার
https://parstoday.ir/bn/news/bangladesh-i47505-টেকনাফে_জোয়ারের_সঙ্গে_ভেসে_আসা_৩_রোহিঙ্গা_নারীর_মরদেহ_উদ্ধার
বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফের নাফনদীতে এক সপ্তাহ আগে নৌকাডুবির ঘটনায় আরও তিন রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে জোয়ারের সঙ্গে ভেসে আসা ওই তিন রোহিঙ্গা নারীর মরদেহ আজ (রোববার) সকালে দাফন করা হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ১৫, ২০১৭ ১০:২১ Asia/Dhaka
  • টেকনাফে জোয়ারের সঙ্গে ভেসে আসা ৩ রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার

বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফের নাফনদীতে এক সপ্তাহ আগে নৌকাডুবির ঘটনায় আরও তিন রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে জোয়ারের সঙ্গে ভেসে আসা ওই তিন রোহিঙ্গা নারীর মরদেহ আজ (রোববার) সকালে দাফন করা হয়েছে।

৮ অক্টোবর ঝড়ের কবলে নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত ৩৭টি লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে ১৬টি শিশু, ১৭ জন নারী ও চারজন পুরুষ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুদ্দিন খান বলেন, নৌকাডুবির পর থেকে টেকনাফের কোনো না কোনো পয়েন্ট দিয়ে রোহিঙ্গাদের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতেও সাবরাংয়ের খুরেরমুখ এলাকায় জোয়ারের সঙ্গে ভেসে আসে অর্ধগলিত তিন নারীর লাশ। তাঁদের বয়স আনুমানিক ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে পারে।

রোহিঙ্গাবোঝাই নৌকা

তিনি বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের নাইক্ষংদিয়া এলাকা থেকে গত রোববার সন্ধ্যায় ইঞ্জিনচালিত নৌকার করে ৫০ জনের বেশি রোহিঙ্গা টেকনাফে আসছিলেন। সেদিন রাতে নৌকাটি শাহপরীর দ্বীপের ঘোলার চর এলাকার নাফ নদী ও সাগরের মোহনায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

রাখাইন রাজ্য থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসার পথে নাফ নদী এবং বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গেও প্রতিনিয়ত লড়তে হচ্ছে রোহিঙ্গা মুসলমানদের।  গত ২৯ আগস্ট থেকে ৮ অক্টোবর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই ২৫টি নৌকাডুবির ঘটনায় ১৭১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৭০ জন রোহিঙ্গা। অন্যজন বাংলাদেশি মাঝি। #

পার্সটুডে/এআর/১৫