আসিয়ান চাপ দিলেই রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব: মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i47579-আসিয়ান_চাপ_দিলেই_রোহিঙ্গাদের_ফেরত_পাঠানো_সম্ভব_মালয়েশিয়ার_উপ_প্রধানমন্ত্রী
বাংলাদেশ সফররত মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি আজ কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের বলেছেন, আসিয়ানভুক্ত দেশগুলো মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করলে রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানো সম্ভব।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ১৬, ২০১৭ ১৫:২০ Asia/Dhaka
  • রোহিঙ্গা শিশুদের মাঝে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী
    রোহিঙ্গা শিশুদের মাঝে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী

বাংলাদেশ সফররত মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি আজ কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের বলেছেন, আসিয়ানভুক্ত দেশগুলো মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করলে রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানো সম্ভব।

আজ সকালে কক্সবাজার পৌঁছে তিনি ক্যাম্পের বিভিন্ন ব্লক ঘুরে দেখেন এবং নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এসময় মালয়েশিয়ার মানবউন্নয়নমন্ত্রী রিচার্ড রিওদ ও স্থানীয় পদস্থ কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

জোহরের নামাজে ইমামতি করছেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী  

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ একা নয়। নতুন করে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সরকারের পাশে রয়েছে তার দেশ।

তিনি জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য একটি ফিল্ড হাসপাতাল বানিয়ে দেবে মালয়েশিয়া। ২-৩ মাসের মধ্যে এই হাসপাতাল তৈরি করে দেয়া হবে।

আহমদ জাহিদ হামিদি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে তাদের সঙ্গে জোহরের নামাজ আদায় করেছেন। এ সময় তিনি নামাজে ইমামতি করেন।

বিশ্ব ব্যাংক

মিয়ানমারে ঋণ সহায়তা স্থগিত করল বিশ্বব্যাংক

ওদিকে, সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের প্রতি সহিংসতা, ধ্বংসযজ্ঞ এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করার কারণে বিশ্ব ব্যাংক মিয়ানমারে ২০০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা স্থগিত করেছে বলে আজ ঢাকায় প্রকাশিত এক খবরে জানা গেছে।   

মিয়ানমার গণতন্ত্রে ফেরার পর এটিই ছিল দেশটির সরকারের সাথে বিশ্ব ব্যাংকের প্রথম সরাসরি আর্থিক সহায়তা।

বিবৃতিতে বিশ্বব্যাংক জানায়, ‘সম্প্রতি মিয়ানমারের জন্য অনুমোদিত উন্নয়ন সংক্রান্ত ঋণের সবশেষ পরিস্থিতি আমরা বিশ্লেষণ করে দেখেছি। সার্বিক বিচারে আমাদের মনে হয়েছে, ওই ঋণের কার্যকর ব্যবহার নিশ্চিতে সেখানকার পরিস্থিতির আরও উন্নতি হওয়া দরকার।’#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৫