আদালতে খালেদা জিয়ার বক্তব্য রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তি সৃষ্টি করবে: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i47915-আদালতে_খালেদা_জিয়ার_বক্তব্য_রাজনৈতিক_অঙ্গনে_বিভ্রান্তি_সৃষ্টি_করবে_কাদের
আদালতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তি সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ২৭, ২০১৭ ১৩:২৩ Asia/Dhaka
  • আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আদালতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তি সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, খালেদা জিয়া আদালতে গিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সম্পর্কে যে নির্লজ্জ মিথ্যাচার করেছেন তা রাজনৈতিক ভাষা নয়, এটা রাস্তার ভাষা। তিনি আদালতে গিয়ে এমন বিষয়ের অবতারণা করেছেন, যেগুলো রাজনৈতিক বিষয়। এটা দেশের রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তি সৃষ্টি করবে।

আজ (শুক্রবার) নোয়াখালীর কবিরহাট উপজেলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, একরামুল করিম চৌধুরীর বাসভবনে এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া 

তিনি আরও বলেন, ওয়ান ইলেভেনের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসম্মানজনক ও অপমানজনকভাবে আদালতে নেয়া হয়েছে। অথচ সেই সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আধুনিক সব সুযোগ-সুবিধাসহ বাড়ি বরাদ্দ করে সাব-জেল তৈরি করে সেখানে নেয়া হয়। অথচ খালেদা জিয়া আদালতে বলেন, শেখ হাসিনা সৌভাগ্যবান যে তাকে কখনও আদালতে যেতে হয়নি।

অতীত কমকাণ্ডের সমালোচনা করে কাদের বলেন, বাংলাদেশের শত শত মানুষকে পুড়িয়ে মেরেছেন। এখন আদালতে গিয়ে কান্নাকাটি করে জনগণের কাছে মায়া-কান্না দেখিয়ে তথাকথিত সহানুভূতি অর্জনের চেষ্টা করছেন। পুত্রহারা মাকে সান্ত্বনা দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নিষ্ঠুর আচরণের মুখোমুখি হয়েছেন, তা বিশ্বের কোনও সভ্যতার মধ্যে পড়ে না।

রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণে খালেদা জিয়ার কক্সবাজার সফর প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রোহিঙ্গাদের ত্রাণ দেয়া নয়, রাজনৈতিক সভা-সমাবেশের জন্য কক্সবাজার যাবেন খালেদা জিয়া। ত্রাণের নাম করে তিন দিন ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অচল করে রাখবে। এতে ত্রাণ সরবরাহের পথ বন্ধ হয়ে যাবে। বিষয়টি মানবিক হলেও তাদের উদ্দেশ্য রাজনৈতিক।

খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ত্রাণ দিতে গিয়ে ত্রাণ সরবরাহের পথ রুদ্ধ করবেন না। ত্রাণ সরবরাহ করা না গেলে ছয় লাখ মানুষ কষ্ট পাবে। ত্রাণ দেয়ার নামে ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার মহাসড়কে যাওয়া-আসার সময় রাস্তায় সভা করে রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।#

পার্সটুডে/ শামস মন্ডল/ বাবুল আখতার/২৭