বিএনপি এখন কান্নাকাটি আর প্রেস ব্রিফিংয়ের দল: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i47948-বিএনপি_এখন_কান্নাকাটি_আর_প্রেস_ব্রিফিংয়ের_দল_ওবায়দুল_কাদের
বিএনপি এখন 'কান্নাকাটি আর প্রেস ব্রিফিংয়ের দল' হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ২৮, ২০১৭ ১৪:৩০ Asia/Dhaka
  • বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
    বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিএনপি এখন 'কান্নাকাটি আর প্রেস ব্রিফিংয়ের দল' হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

আজ (শনিবার) মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনী ভাষণে তিনি বলেন,  কখনো খালেদা কাঁদে, কখনো ফখরুল। খালেদা জিয়া কোর্টে গিয়ে আত্মপক্ষ সমর্থনের নামে সফল প্রধানমন্ত্রীকে অকথ্য ভাষায় আক্রমণ করেছেন। এখন রোহিঙ্গাদের ত্রাণ দেয়ার নামে সড়কে যানজট আর বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। জনদূর্ভোগ সৃষ্টি করছেন।

ওবায়দুল কাদের আরো বলেন, প্রধানমন্ত্রী সেদিন সন্তানহারা মাকে (খালেদা জিয়া) সান্ত্বনা দিতে গিয়েছিলেন। শেখ হাসিনার সামনে ঘরের দরজা বন্ধ করে প্রকারান্তরে সংলাপের দরজা সেদিনই বন্ধ করা হয়েছে। খালেদা জিয়া ৮ মাস বিচার কাজকে বিলম্বিত করেছেন। ১৬০ বার সময় নিয়েছেন। তিনি আদালতকে হেনস্থা করছেন।

ওবায়দুল কাদের বহুদলীয় গণতন্ত্র প্রসঙ্গে বলেন, বিএনপি নাকি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আসলে বিএনপি কারফিউ গণতন্ত্রের প্রবক্তা। ৭১ আর ৭৫ এর ঘাতক, খুনিদের রাজনীতিতে পুনর্বাসিত করা, সাম্প্রদায়িক শক্তিকে মদদ দিয়ে সেনা ছাউনিতে দল গঠন করা- এটাই কি বহুদলীয় গণতন্ত্র ? হ্যাঁ- না ভোট ওই সময় কোন কোন স্থানে একশ ভাগের বেশি ভোট পড়েছে। কারফিউ দিয়ে দেশ চালিয়েছে।

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহিদ এমপির’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিছবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন কামরান, অধ্যাপক রফিকুর রহমান, কেন্দ্রীয় এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন। #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৮