গণতন্ত্র নয়, বিএনপির রাজনীতিই গভীর খাদের কিনারায়: ওবায়দুল কাদের
-
আলোচনা সভায় ওবায়দুল কাদেরসহ অন্যরা
বিএনপির রাজনীতি আজ গভীর খাদের কিনারায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি আজ বলে, গণতন্ত্র খাদে পড়েছে। গণতন্ত্র নয়, বিএনপির রাজনীতিই আজ গভীর খাদের কিনারায়। সব কিছুতে ব্যর্থ হয়ে তারা এখন অস্ত্রের ভাষায় কথা বলছে- খালেদা জিয়া মাঠের রাজনীতি ছেড়ে অস্ত্রের রাজনীতি শুরু করেছেন।
আজ (সোমবার) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মিলনায়তনে ‘শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ২৭তম শাহাদাৎ বার্ষিকী’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, “বিএনপি যদি গত সংসদ নির্বাচনে আসত তাহলে তাদের আজ এই অবস্থা হতো না। কেউ যদি নির্বাচনে না আসে তবে সে দোষ কার? সেই দায়ভার কার? নির্বাচনের ট্রেন তো আর কারো জন্য থেমে থাকে না। তারা সেই ট্রেন মিস করেছে। ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে আগুন সন্ত্রাস করে গণতন্ত্র রক্ষার নামে বিএনপি যে আন্দোলন করেছিল, তা জনগণ মেনে নেয়নি। এ কারণেই তারা পরবর্তীতে কোনো আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি। আর এই নৈরাশা থেকেই আজ দলটির নেতা-কর্মীরা দিশেহারা।”
কাদের আরো বলেন, “আওয়ামী লীগ কখনো অগণতান্ত্রিক কথা বলে না, অগণতান্ত্রিক আচরণও করে না। বরং বিএনপি সব দিক থেকে এখন ব্যর্থ হয়ে অস্ত্রের ভাষায় কথা বলছে। তারা হাতুড়ি পিটিয়ে নিজেদের ঢোল বাজানোর চেষ্টা করছে।”
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্র না থাকলে, তাহলে আমাদের সিপিসি সম্মেলন হলো কিভাবে?
তিনি বলেন, বিএনপি অপশক্তির সাথে আঁতাত করেছে। তা না হলে আওয়ামী লীগ স্বৈরাচারের সাথে হাত মেলাতো না।
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, ঢামেক অধ্যক্ষ ডা. খান আবুল কালাম আজাদ, শহীদ ডা. মিলনের মা সেলিনা আক্তার প্রমুখ।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৭