আ. লীগের শিকড় মাটির অনেক গভীরে, ধাক্কা দিয়ে পতন হবে না: কাদের
-
ওবায়দুল কাদের
ধাক্কা দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, 'ধাক্কা দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো সম্ভব নয়। আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে, ধাক্কা দিয়ে এই বটবৃক্ষের পতন হবে না।'
বিএনপি মহাসচীব মির্জা ফখরুলকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, 'ধাক্কা দিয়ে আওয়ামী লীগকে ফেলা যাবে না। আওয়ামী লীগ বিএনপি নয়। ওই মেয়র হানিফের জনতার মঞ্চের এক ধাক্কায় বিএনপি সরকারের পতন হয়েছিল। মনে আছে আপনাদের?'
গণঅভ্যুত্থান প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'গণঅভ্যুথান এখন জাদুঘরে, গণঅভ্যুথান স্বপ্ন এখন দুঃস্বপ্নের নামান্তর। এই দুঃস্বপ্ন দেখে কোনো লাভ নেই। বিএনপি রঙিন স্বপ্ন দেখছে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন-অর্জন দিয়ে গণঅভ্যুত্থান শব্দটিকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছেন।
তিনি বলেন, 'দেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নে এত খুশি যে সাড়ে আটবছর বার বার আন্দোলনের ডাক দিলেও জনগণ তাতে সাড়া দেননি। সাড়ে আট বছরে যখন জনগণ সাড়া দেননি, তখন আগামী এক বছরেও জনগণ বিএনপির ডাকে সাড়া দিবে না।'
দলীয় নেতাকর্মীদের আগামী নির্বাচনকে সামনে রেখে মানুষের ঘরে ঘরে যাওয়ার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, 'জেতার আগেই জিতে গেছি এই মন মানসিকতার পুনরাবৃত্তি যেন আগামী নির্বাচনে না হয়। এখন থেকে ভোটের জন্য মানুষের ঘরে ঘরে যেতে হবে। ভোট চাইতে হবে।'
দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বক্তব্য রাখেন। #
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৮