নির্বাচনে না এলে বিএনপির পরিণতি হবে মুসলিম লীগের মতো: কাদের
-
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে না এলে এর পরিণতি মুসলিম লীগের মতো হবে। তারা নিজেরাও জানে, তারা আগামী নির্বাচনে না এলে মুসলিম লীগের মতো করুণ পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে।
আজ (সোমবার) সকালে কক্সবাজারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরো বলেন, বিএনপি’র আসলে কোনো পুঁজি নেই। বিএনপির রয়েছে কথামালার চাতুরী, স্ট্যান্ডবাজি এগুলো ছাড়া তাদের আগামী নির্বাচনে জেতার মতো আর কোনো পুঁজি নেই। যতই দিন যাচ্ছে, তারা নেতিবাচক রাজনীতিকে অব্যাহত রেখে ক্রমাগত মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজাতে বাজাতে এখন এমন অবস্থায় উপনীত হয়েছে।
'কাদেরের বক্তব্যের নৈতিক ভিত্তি নেই'
এ প্রসঙ্গে বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, একটি অনির্বাচিত সরকারের মন্ত্রী হিসেবে ওবায়দুল কাদেরের বক্তব্যের কোনো নৈতিক ভিত্তি নেই।
তাছাড়া, গায়ের জোরে চেপে বসা অনির্বাচিত সংসদের মাধ্যমে মনের মতো করে সংবিধান সংশোধন করে নিয়ে এখন সেই সংবিধানের দোহাই দিয়ে নির্বাচন ডেকে আবার ক্ষমতায় থাকার বৈধতা দেবে না বিএপি।
এর আগে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান অনুযায়ী ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী চাইলে আগাম নির্বাচন দিতে পারেন। আর আমরা সব সময় প্রস্তুত আছি নির্বাচনে জন্য। আগামী মাসেও যদি হয় আমরা প্রস্তুত।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৪