শেখ হাসিনা দেশকে উন্নয়নের অনন্য এক মাত্রায় নিয়ে গেছেন: আইনমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i51219-শেখ_হাসিনা_দেশকে_উন্নয়নের_অনন্য_এক_মাত্রায়_নিয়ে_গেছেন_আইনমন্ত্রী
বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব কথা বলেছেন তা সবাই জানে এবং তা প্রমাণিত।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ১২, ২০১৮ ১৪:০০ Asia/Dhaka
  • আইনমন্ত্রী আনিসুল হক
    আইনমন্ত্রী আনিসুল হক

বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব কথা বলেছেন তা সবাই জানে এবং তা প্রমাণিত।

আজ (শুক্রবার) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে উন্নয়ন মেলা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জাতীয় সংসদে বুধবার প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যাচার বলে অভিহিত করে বিএনপি। এর প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা কখন মিথ্যাচার করেন না দাবি করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের অনন্য এক মাত্রায় নিয়ে গেছেন। আগের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশে বেশি উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আমরা এ বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে চাই। শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকেন, তাহলে আরও বেশি উন্নয়ন হবে বলেও জানান আইনমন্ত্রী।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ

'খালেদা জিয়া বিচার প্রক্রিয়াকে প্রলম্বিত করছেন'

এদিকে, দুর্নীতির মামলা থেকে বাঁচতে খালেদা জিয়া বিচার প্রক্রিয়াকে প্রলম্বিত করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

আজ (শুক্রবার) সকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে উন্নয়ন মেলা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি।

হানিফ বলেন, বার বার আদালত পরিবর্তনসহ ১৪৭ বার তারিখ পরিবর্তন করেছেন খালেদা জিয়া। এ মামলায় অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে। ফলে এ রায় তার বিপক্ষে যেতে পারে, এমন ভীতি সঞ্চার হয়েছে বলেই তারা শঙ্কিত হয়ে নানা ধরনের মিথ্যাচার ও কাল্পনিক অভিযোগ করছে। এ মামলা স্বচ্ছভাবেই পরিচালিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।

হানিফ আরো বলেন, পদ্মা সেতু নিয়ে খালেদা জিয়া যে মন্তব্য করেছেন, তা হাস্যকর এবং উদ্ভট ছাড়া কিছুই হতে পারে না। একটি নদীর ওপর ছয় কিলোমিটার ব্রিজ জোড়াতালি দিয়ে হচ্ছে, যারা পাগল এবং উন্মাদ, তারাই এই ধরনের কথাবার্তা বলতে পারে। কোন সুস্থ মানুষ এ ধরনের মন্তব্য করতে পারে না।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১২