বিএনপির নির্বাচনী রূপরেখা দেখার অপেক্ষায় আছি: ওবায়দুল কাদের
-
ওবায়দুল কাদের
নির্বাচন ইস্যু নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের কোনো প্রয়োজন নেই বলে আবারো স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (রোববার) দুপুরে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদে সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেছেন, 'নির্বাচন ইস্যু নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের কোনো প্রয়োজন দেখছি না। নির্বাচনের সময় সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে। এটাই স্বাভাবিক নিয়ম।'
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতারা প্রধানমন্ত্রীর কাছে নির্বাচনকালীন সরকারের রূপরেখা চেয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচনকালীন কোনও রূপরেখা দেবেন না। রূপরেখা দেবে তো বিএনপি। তারা কী রূপরেখা দেয় আমরা সেটা দেখার অপেক্ষায় আছি।'
এ সময় সাংবাদিকরা জানতে চান- নির্বাচনকালীন সরকারে বিএনপির প্রতিনিধি থাকার সুযোগ আছে কি না? উত্তরে ওবায়দুল কাদের বলেন, গত নির্বাচনের আগে বিএনপিকে নির্বাচনকালীন সরকারে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা আসে নি। এবার দেখি, তারা এ ব্যাপারে দাবি জানায় কি না।
এর আগে গতকাল বিকেলে সিলেটে জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও বলেছেন, আগামী নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সহায়ক সরকার গঠন করা হবে সেখানে বিএনপির কোনো অংশগ্রহণ থাকবে না।
তিনি বলেছেন, বিগত নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে যে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে সে কারণে তাদের দলে কোনো এমপি নেই। এই সত্য মেনে নিয়ে আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নিতে হবে বলে জানান অর্থমন্ত্রী।
এ সময় অর্থমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ আরো ৫ বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। #
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২১