শেখ হাসিনা আবারও ক্ষমতায় এলে দেশে দারিদ্র্য থাকবে না: অর্থমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i51945-শেখ_হাসিনা_আবারও_ক্ষমতায়_এলে_দেশে_দারিদ্র্য_থাকবে_না_অর্থমন্ত্রী
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৩০ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবে আওয়ামী লীগ। ওইদিন সিলেটে জনসভা করার মধ্য দিয়ে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচারণা কার্যক্রম উদ্বোধন করবেন। এমন তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ২৫, ২০১৮ ১৫:২৭ Asia/Dhaka
  • অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
    অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৩০ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবে আওয়ামী লীগ। ওইদিন সিলেটে জনসভা করার মধ্য দিয়ে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচারণা কার্যক্রম উদ্বোধন করবেন। এমন তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ (বৃহস্পতিবার) সকালে সচিবালয়ে নিজের ৮৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি। আগামী ৩০ জানুয়ারি সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নেবেন তিনি।

অর্থমন্ত্রী জানান, আগামী নির্বাচনে প্রার্থী হতে চান না তিনি। অবসর সময় কাটাতে চান। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে না করার সুযোগ থাকে না। এ বিষয়ে আগামী এপ্রিলে জানাতে পারব। শেখ হাসিনা আবারও ক্ষমতায় এলে দেশে দারিদ্র্য থাকবে না বলেও আশা জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এদিকে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ক্ষমতার দাপট দেখাবেন না। ক্ষমতা চিরদিন থাকে না।

আজ (বৃহস্পতিবার) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে আওয়ামী লীগের কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিলবোর্ডে ছবি দিলে নেতা হওয়া যায় না। জনগণকে খুশি করেন। যার আচরণে জনগণ খুশি হবে, তিনিই নেতা হবেন। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করেন। ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রতিশ্রুতির কথা বলে সদস্য সংগ্রহ করুন। চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও সাম্প্রদায়িক অপশক্তিকে সদস্য না করতে সতর্কও করেন তিনি।

ওবায়দুল কাদের

সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, দেশের সব মানুষের হাতে মোবাইল ফোন পৌঁছে দিয়েছে সরকার। দেশের মানুষ আজ শান্তিতে রয়েছে। 'মঙ্গা' শব্দটি এখন জাদুঘরে রয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি, মাতৃত্ব ও মুক্তিযোদ্ধা ভাতার ব্যবস্থা করা হয়েছে। নারীদের ঘরে রেখে উন্নয়ন সম্ভব নয় জেনে শেখ হাসিনার সরকার নারীদের মর্যাদা বৃদ্ধি করেছেন। তাই আগামী নির্বাচনে নারীরাই আওয়ামী লীগের বিজয়ের প্রধান হাতিয়ার।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৫