খালেদা জিয়া সাজা পেলে আমরা কীভাবে রক্ষা করব: ওবায়দুল কাদেরের প্রশ্ন
-
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় পক্ষে না গেলে বিএনপি যদি সন্ত্রাস করে, তাহলে জনগণ প্রতিরোধ করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা ও রায় নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি।
বৃহস্পতিবার রাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিশনে আয়োজিত প্রাণিসম্পদ সপ্তাহ ২০১৮-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের মামলা তৎকালীন এক-এগারোর সরকারের আমলে হয়েছিল জানিয়ে আওয়ামী লীগ নেতা বলেন, “রায় কী হবে তা নির্ভর করছে আদালতের ওপর। তাহলে কি আদালত রায় দিতে পারবে না? আদালত এ দেশে বিচার করতে পারবে না? আদালতের রায়ের বিরুদ্ধে তারা বিক্ষোভ করবে? প্রতিবাদ করবে? তাদের নেতিবাচক রাজনীতিকে আমরা ভয় পাই, বেগম জিয়াকে ভয় পাই না। এখন আদালতে রায় মনমতো না হলে আবারও তারা সেই সন্ত্রাস শুরু করবেন কি না, সেটা যদি করে বাংলাদেশের জনগণ, সচেতন জনগণ এবার প্রতিরোধ করবে।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, “আমার প্রশ্ন, মির্জা ফখরুল সাহেব কী করে জানলেন, এই মামলার রায় কী হবে? এই মামলায় আদালত বেগম জিয়াকে সাজা দেবেন, এ রকম নিশ্চয়তা তাঁকে কে দিল? আদালত নির্দোষও করতে পারে, সাজাও দিতে পারে। এটা আদালতের বিষয়। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।”
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এই মামলাটিতে মির্জা ফখরুল বারবার বলার চেষ্টা করছেন যেন শেখ হাসিনা সরকার এই মামলাটি রুজু করে খালেদা জিয়াকে হেনস্তা করছে। তাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে। বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে।
তিনি বলেন, এই মামলাটি প্রথম দায়ের হয়েছিল ফখরুদ্দীন-মইনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের সময়। এটি ছিল দুদকের মামলা। মামলা তো এই সরকার দেয়নি। মামলা দিয়েছে খালেদা জিয়া যাদের তখন...ফখরুদ্দীনও তাঁর সৃষ্টি, মইন উ আহমেদ সাহেবও তাঁর সময় অনেককে ডিঙিয়ে সেনাবাহিনী প্রধান হয়েছিলেন।
ওবায়দুল কাদের প্রশ্ন করেন, “মামলা তার নিজস্ব গতিতে চলছে। খালেদা জিয়া নির্দোষ হলে তো আমাদের কোনো অসুবিধা নেই। তিনি সাজা পেলে আমরা কীভাবে রক্ষা করব? শেখ হাসিনা সরকারের এখানে কী? তাহলে কি আদালত রায় দিতে পারবেন না? আদালত এ দেশে বিচার করতে পারবেন না?”
খালেদা জিয়া ইতিবাচক রাজনীতি করলে কোনো অসুবিধা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “কেন আমরা তাদের বাধা দেব? নির্বাচন হবে। বিএনপি অংশ নেবে। প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচন আমরা চাই না। বিএনপি আসুক, একটি বড় দল। আমরা একটি ইনক্লুসিভ, পার্টিসিপেটরি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা চাই। খালেদা জিয়াকে আমরা সরিয়ে রাখব, তখন তারা আগুন তাণ্ডব চালিয়ে একটি নির্বাচন বয়কট করতে গিয়ে কী করেছিল? কতগুলো স্কুল, ভূমি অফিস জ্বালিয়ে দিয়েছিল? কতগুলো মানুষকে পুড়িয়ে মেরেছিল, বলুন? এই নারকীয় তাণ্ডবকে আমরা ভয় পাই, খালেদা জিয়াকে না।”
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মাকসুদুল হাসান খানের সভাপতিত্বেঅনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশেষ অতিথি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম প্রমুখ।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৬