রায় ঘোষণার আগেই বিএনপি আদালতকে হুমকি দিচ্ছে: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i52041-রায়_ঘোষণার_আগেই_বিএনপি_আদালতকে_হুমকি_দিচ্ছে_ওবায়দুল_কাদের
জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির মামলার রায় ঘোষণার আগেই বিএনপি আদালতকে হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ২৭, ২০১৮ ১২:৪৭ Asia/Dhaka
  • আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির মামলার রায় ঘোষণার আগেই বিএনপি আদালতকে হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ (শনিবার) সকালে সাভারে হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধনকালে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ‘রায়কে ঘিরে বিএনপি আদালতকে হুমকি দিচ্ছে। রায় নিজেদের পক্ষে আনতে আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছে। দলটির নেতারা রায়কে ঘিরে যেভাবে আগাম মন্তব্য করছেন, হুংকার দিচ্ছেন, তাতে মনে হচ্ছে, রায় কী হবে তা তারা জেনেই গেছেন।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ শেষ হয়েছে। আদালত আগামী ৮ ফেব্রুয়ারি রায়ের দিন ঘোষণা করেছেন। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, তড়িঘড়ি করে রায় ঘোষণার দিন ধার্য করেছে আদালত। তাছাড়া, প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই রায় ঘোষণা করা হবে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মন্তব্য করেন। গতকাল স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অযৌক্তিকভাবে সাজা দেয়া হলে তা সরকার পতন আন্দোলনের ভিত্তি প্রস্তর স্থাপন করবে।

আদালত প্রাঙ্গণে বেগম খালেদা জিয়া

বিএনপি নেতাদের এসব মন্তব্যের প্রতিক্রিয়ায় আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এভাবে হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ নেই। এ হুমকি সরাসরি আদালতের বিরুদ্ধে। এর মাধ্যমে তারা প্রমাণ করেছেন যে, বিএনপির হাতে দেশ যেমন নিরাপদ নয়, তেমনি দেশের গণতন্ত্র, আইনের শাসন এমনকি স্বাধীন বিচার ব্যবস্থাও নিরাপদ নয়।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের আগেই বিএনপি নির্বাচনে জিততে চায়। ২০১৩-১৪ সালের মত নির্বাচনের নামে বিএনপি যদি জ্বালাও-পোড়াও করতে চায় তাহলে জনগণ তাদের প্রতিহত করবে।

সেতুমন্ত্রী বলেন, আগামী রাষ্ট্রপতি নির্বাচনে দল ও দেশের কাছে যে ব্যক্তি গ্রহণযোগ্য মনে হবে তাকেই রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন দেয়া হবে। সংসদ নির্বাচনের জন্যও তিন মাস পর পর জরিপ হচ্ছে। যে ব্যক্তি জরিপে এগিয়ে থাকবেন দল থেকে তাকেই মনোনয়ন দেয়া হবে।

আঞ্চলিক মহাসড়ক উদ্বোধনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানসহ সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৭