'খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে বিশৃংখলার চেষ্টা প্রতিহত করা হবে'
-
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়কে ঘিরে কোনো বিশৃংখলার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ কোন উসকানিমূলক কর্মসূচি দেবে না। তবে সতর্ক থাকবে। নাশকতামূলক কিছু করার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে পরিস্থিতির সমুচিত জবাব দেয়া হবে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রংপুর ও রাজশাহী জোনে ৩৫টি সেতুর নির্মাণকাজের চুক্তি সই অনুষ্ঠান শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ওয়েস্টার্ন ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রকল্পের আওতায় সড়ক ও জনপথ অধিদফতরের রংপুর জোনে ১৯টি এবং রাজশাহী জোনে ১৬টি সেতু নির্মাণে এ চুক্তি হয়।
মঙ্গলবার পুলিশের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, ওইদিন কোনো অনুপ্রবেশকারী পুলিশের ওপর হামলা করেনি। পরিকল্পিত জঙ্গি স্টাইলে হামলা করা হয়েছে। বিএনপি নেতারাই এ হামলার মাস্টার মাইন্ড।
নির্বাচন থেকে সরিয়ে রাখতেই হামলার ঘটনা ঘটিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ নাকচ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা পুলিশকে দোষ দিতে পারবে না। কারণ বিএনপির নেতাকর্মীরাই এ ঘটনা ঘটিয়েছে। ভিডিও ফুটেজ আছে হামলার ঘটনার। আর এ ধরনের ঘটনাকে আশকারা দিলে পুনরাবৃত্তি হতে পারে। তাই সরকার এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না।
প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি কাজে নয়, শুধু কথায় বিশ্বাস করে। আর জনগণ মুখের কথায় কাউকে ভোট দেয় না। তাই ক্ষমতায় যাওয়ার জন্য শুধু চোরাপথ খোঁজে বিএনপি।
এদিকে, আগামী ৫ ফেব্রুয়ারি (সোমবার) ক্ষমতাসীন জোট ১৪ দলের সভা ডাকা হয়েছে। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। আজ (বৃহস্পতিবার) আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণার প্রেক্ষাপটে এ সভা ডাকা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১