পাল্টাপাল্টি কর্মসূচিতে আমরা বিশ্বাস করি না: ওবায়দুল কাদের
-
ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় ঘিরে দলটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি দেয়া হলেও আওয়ামী লীগের পক্ষ থেকে পাল্টাপাল্টি কোনো কর্মসূচি দেয়া হবে না।
আজ (সোমবার) নির্বাচন ভবনে প্রেসিডেন্ট পদে মো. আবদুল হামিদের মনোনয়নপত্র প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার কাছে দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, 'পাল্টাপাল্টি কোনো প্রোগ্রাম নেই। পাল্টাপাল্টি কর্মসূচিতে আমরা বিশ্বাস করি না। উই হ্যাভ নো প্রোগ্রাম।'
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেট সফর প্রসঙ্গে তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তার এই সফর।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রেসিডেন্ট নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার কাছে মো. আবদুল হামিদের মনোনয়নপত্র জমা দেন।
প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল অনুযায়ী, সোমবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সুযোগ রয়েছে। বুধবার যাচাই বাছাইয়ের পর ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রার্থী একজনের বেশি না হলে তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। আর একাধিক প্রার্থী হলে আগামী ১৮ ফেব্রুয়ারি সংসদের অধিবেশন কক্ষে বিধিমালা অনুযায়ী ভোট হবে, যেখানে ভোট দিয়ে নতুন প্রেসিডেন্ট বেছে নেবেন সংসদ সদস্যরা।
এদিকে, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশৃঙ্খলা সৃষ্টি করতেই সড়কপথে সিলেটে যাচ্ছেন।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক মানববন্ধনে হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া বিমানে করেই সিলেটে যেতে পারতেন। কিন্তু তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করতেই সড়কপথে যাচ্ছেন। #
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৫