খালেদার কথা কি আদালত অবমাননার শামিল নয়: কাদেরের প্রশ্ন
-
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি অপরাজনীতি করছে বলেও মন্তব্য করেন তিনি।
আজ (বুধবার) সন্ধ্যা আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে খালেদার রায় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে বিকেলে এক সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়া বলেন, "আদালত রায় দেয়ার বহু আগে থেকেই শাসক মহল চিৎকার করে বলে বেড়াচ্ছে, আমার জেল হবে। যেন বিচারক নন, ক্ষমতাসীনরাই রায় ঠিক করে দিচ্ছে"
খালেদা জিয়ার মন্তব্যের প্রতিক্রিয়া আওয়ামী লীগের সংবাদ সম্মেলনের শুরুতেই জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত মামলার লিখিত তথ্যচিত্র তুলে ধরেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর তিনি বলেন, ‘রায় নেতিবাচক হলে বিএনপি মেনে নেবে না। প্রধানমন্ত্রী রায় লিখে দিয়েছেন- এ ধরনের কথা কি আদালত অবমাননার শামিল নয়? তবে হ্যাঁ, তার (খালেদা জিয়া) বিরুদ্ধে যদি রায় হয় তবে তিনি শেষ পদক্ষেপ হিসেবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন। তিনি দয়াবান মানুষ, ক্ষমা করলেও করতে পারেন।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের দুর্ভাগ্য কোন ধরনের ভবিষ্যৎ রেখে যাচ্ছি। কোন ধরনের নোংরা রাজনীতির প্র্যাকটিস বিএনপি করছে। পৃথিবীতে আগে কখনো এমন হয়নি। এ ধরনের সংস্কৃতি অনুসরণ করা হলে ফলাফল ভালো হবে না।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া যখন বলেন- সেনাবাহিনী আর পুলিশ প্রশাসন তাদের পক্ষে আছে, তবে কেন বিএনপি ভয় পায়? অভয় দিয়ে তাহলে এতো কেন ভয়?’

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ জনগণের জানমালের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। সন্ত্রাসের মাধ্যমে দুর্নীতি ঢাকা যাবে না। আওয়ামী লীগ কোনো সন্ত্রাস ও সহিংসতা সহ্য করবে না। এ মামলার রায় নিয়ে অপতৎপরতা চালানো হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা দেবে।
কাদের বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনেকগুলো ইনফরমেশন আছে, বিভিন্ন জেলা-উপজেলা থেকে তথ্য আছে- তারা নাশকতা করার সরঞ্জাম জড়ো করছে এবং নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে। এই তথ্যের ভিত্তিতে জনগণের নিরাপত্তা রক্ষা করার জন্য পুলিশকে সতর্ক হতে হয়েছে এবং নিরাপত্তা বাহিনীকে সারাদেশে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ দফতর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৭