সরকার নয়, বিএনপির কর্মসূচি আদালতের বিরুদ্ধে: ওবায়দুল কাদের
-
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক ওবায়দুল কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “খালেদা জিয়ার সাজা ও বন্দি হওয়ার প্রতিক্রিয়ায় জনগণ কোনো সাড়া শব্দ করে নি। এটা হবে না তা বিএনপি ভাবে নি। এটা তাদের ভুল। এখন অক্ষমতার অজুহাতকে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কৌশল হিসেবে প্রচার করছে।”
আজ (শুক্রবার) সকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে দ্বিতীয় সেতু নির্মাণের বিদ্যমান প্রকল্পের সুপার স্ট্রাকচার কাজের উদ্বোধনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “খালেদা জিয়ার গ্রেফতারের পর তারা অনশন, অবস্থান ও বিভিন্নভাবে প্রতিবাদ করেছে, কোথাও তো পুলিশ বাধা দেয় নি। তারা আদালতের বিরুদ্ধে কর্মসূচি পালন করছে, এটা তাদের মনে রাখতে হবে। এই কর্মসূচি সরকারের বিরুদ্ধে নয়।”
গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, "খালেদা জিয়াকে কারাগারে পাঠানো সরকারের নীলনকশার অংশ। সেই নীলনকশা হচ্ছে, খালেদা জিয়া যেন আগামী নির্বাচনে অংশ নিতে না পারেন। বর্তমান সরকার চায়, আবারও ৫ জানুয়ারির মতো ভোট করে ক্ষমতায় থাকতে।"
এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার প্রতিক্রিয়ায় বলেন, “আমরা প্রতিদ্বন্দ্বিতাবিহীন নিরামিষ নির্বাচনে যেতে চাই না। বিএনপি নিজেরাই যদি নির্বাচন থেকে সরে দাঁড়ায় এবং সরে দাঁড়ানোর প্রতিবাদ যদি তারা প্রদর্শন করতে চায় তাহলে আমাদের তো কিছু করার নেই।”
তিনি বলেন, "আমি বারবার একটা কথা বলতে চেয়েছি, আমরা প্রতিদ্বন্দ্বিতাহীন, নিরামিষ নির্বাচনে যেতে চাই না।প্রতিদ্বন্দ্বিতাহীন, নিরামিষ নির্বাচনের কোনো অর্থই নেই। নির্বাচনকে মিনিংফুল করতে হলে অর্থবহ নির্বাচনের জন্য আমরা অর্থবহ অংশগ্রহণ চাই। এবং সেখানে বিএনপি একটা বড় দল। আমরা চাইব, বিএনপি নির্বাচনে অংশ নিক।"
ওবায়দুল কাদের বলেন, "এখন তারা নিজেরাই একবার বলে তাঁদের নেত্রী খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না। খালেদা জিয়া ছাড়া যাবে, নাকি খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে যাবে, সেটা তো আদালতের বিষয়। সরকারের কোনো বিষয় নেই। বারবার মির্জা ফখরুল সরকারকে অভিযুক্ত করছেন। সরকারের বিরুদ্ধে অভিযোগ করছেন। আদালতের বিরুদ্ধে কথা বলতে পারছেন না। এটা কথা বললে কন্টেম্প হবে। কিন্তু আদালতের আদেশ, এই আদেশ কিন্তু সরকারের নয়। এটা তাদের ভুলে যাওয়া উচিত নয়। তারা নিজেরা যদি নিজেই নির্বাচন থেকে সরে দাঁড়ায়, সেটা তাদের ব্যাপার। তাদের সরানোর কোনো প্রকার চেষ্টা আমরা করছি না।"
এ সময় দ্বিতীয় কাঁচপুর সেতুর সব ফাউন্ডেশন নির্মাণ শেষ হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। ভিয়েতনাম থেকে এরই মধ্যে ৯৬টি বক্স গার্ডার সেট ও ডেক স্ল্যাব প্যানেল এসে পৌঁছেছে বলেও জানান তিনি।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৬