খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে না পারলেও বিএনপি পারবে: কাদের
-
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে না পারলেও বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে।
আজ (শনিবার) দুপুরে ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঘোষণা দিয়েছে খালেদা জিয়াকে ছাড়াও তারা শক্তিশালী। সেই শক্তিশালী বিএনপিকে নিয়েই তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচন করবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের উন্নয়নে দেশের মানুষ খুশি। তাই বেগম খালেদা জিয়ার রায় তার বিরুদ্ধে যাওয়ার পরও দেশের মানুষ রাস্তায় নামেনি।
এ আগে গতকাল সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় দ্বিতীয় কাঁচপুর সেতুর সুপার স্ট্রাকচার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেছেন, 'বিএনপি তাদের অন্দোলনে জনগণের সাড়া না পেয়ে অক্ষমতার অজুহাত হিসেবে এখন শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কৌশল নিয়েছে। ঢাকা সিটিতে প্রেস ক্লাবে, নয়াপল্টনে তারা মানববন্ধন, অনশনসহবিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেছে, কোথাও পুলিশ তাদের বাধা দেয়নি।'
'গরম হওয়ার কোনো চেষ্টা কইরেন না'
এদিকে, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বেগম জিয়া জেলে আছেন, (তিনি) মাননীয় বিরোধী দলীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী। আদালতের মাধ্যমে আপনি গেছেন ভেতরে, আদালতের মাধ্যমেই ইনশাল্লাহ বেরিয়ে যাবেন। কোনো চিন্তা করতে হবে না, কোনো চিন্তা কইরেন না। বিএনপির বন্ধুদেরকে বলব, একটু ঠাণ্ডা থাকেন, যেভাবে ঠাণ্ডা চাই, সেভাবেই ঠাণ্ডা থাকেন। গরম হওয়ার কোনো চেষ্টা কইরেন না দয়া করে।’
আজ দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ ইউরোজিক্যাল সার্জন অ্যাসোসিয়েশনের ১২তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘চিন্তাও করি না যে, কেউ জেলে থাকুক, কাউকে বাদ দিয়ে আমরা ইলেকশন করি, এটা কোনোভাবেই আমরা চাই না। একতরফা খেললে তো লাভ হয় না। একতরফা খেললে ভালো লাগে না। খেলে আবার জিতে যাই ইনশাল্লাহ, খেলে জিতে যাব। খেলে গোল দেব। এই চিন্তা আমরা করি সবসময়।’
'বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে নৈরাজ্য সৃষ্টি হবে'
অন্যদিকে, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন আশঙ্কা করেছেন, আগামী নির্বাচনে বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশে নৈরাজ্য সৃষ্টি হবে।
আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, বিএনপি বাংলাদেশকে ইন্দোনেশিয়ার মতো বানাতে চায়। আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে বস্তি ও বাস্তহারাবাসীদের পুনর্বাসন করা হবে। বিএনপি-জমায়াত ক্ষমতায় এলে, দেশে সংঘাত সৃষ্টি হবে। তাই নিজেদের স্বার্থে বর্তমান সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৭