বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ- কাদের : বেসামাল কথা বলছেন কাদের- রিজভী
-
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হচ্ছে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের আগে বিএনপি দলের গঠনতন্ত্র সংশোধন করে একজন পলাতক সাজাপ্রাপ্ত দুর্নীতিবাজকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার ব্যবস্থা করেছে।
আজ (রোববার) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে ঢাকার আশপাশের জেলার সাংসদ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বর্তমানে বিএনপির কার্যক্রমে যে শান্তিপূর্ণ বলা হচ্ছে, এটা তাদের আসল ছবি না। তারা দূতাবাসে, জাতির পিতার ছবিতে হামলা চালিয়েছে। প্রিজন ভ্যান থেকে আসামিকে ছিনিয়ে নিচ্ছে, পুলিশের ওপর হামলা করছে—এটাই হচ্ছে বিএনপির চিত্র।
দলের নেতা–কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের এখন নারী, তরুণ ও প্রথম ভোটারদের গুরুত্ব দিতে হবে। এখন থেকে নির্বাচনের জন্য কাজ করতে হবে, প্রচারণা চালাতে হবে। ’
'কাদেরের কথাবার্তা সড়ক মহাসড়কের মতো বেসামাল’
এদিকে, ওবায়দুল কাদেরের ‘কথাবার্তা সড়ক মহাসড়কের মতো বেসামাল’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন খালেদা জিয়া ছাড়া বিএনপি নির্বাচনে যাবে। কিন্তু ওবায়দুল কাদের এমন তথ্য কোথায় পেলেন? মাঝে মাঝে তাঁর কথা শুনে মনে হয় তিনি আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিরও নীতিনির্ধারক। সড়ক মহাসড়কের মতো তার কথাবার্তাও বেসামাল। আমরা তাঁকে স্পষ্ট করে বলতে চাই, খালেদা জিয়া ছাড়া কোনো ভোট হবে না।’
বিএনপি নেতা আরো বলেন, তাঁর দলের চেয়ারপারসন খালেদা জিয়া নেতাকর্মী ও দেশের মানুষের অবিচ্ছেদ্য অংশ। খালেদা জিয়া মানেই আরেকটি বাংলাদেশ। তাকে বাদ দিয়ে দেশে আর কোনো নির্বাচন হবে না। মামলা হামলা সাজা দিয়ে হাত-পা বেঁধে কোনো চক্রান্ত খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়া আটকাতে পারবে না। বিএনপিকে বাইরে রেখে ভোটের সব ষড়যন্ত্র নস্যাৎ হবে।
রিজভী বলেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ চক্রান্ত করছে আবারও বিএনপিকে বাইরে রেখে ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একতরফা ভোট করে ক্ষমতা দখল করতে। যাতে তাদের অবৈধ ক্ষমতার দখল দীর্ঘায়িত করতে পারে। আমরা সরকারকে বলতে চাই, খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশে আর কোনো নির্বাচন হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আ হ ম আজম খান, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ এবং নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৮