সব দলকে নির্বাচনে আনতে ভূমিকা রাখুন: কূটনীতিকদের প্রতি তোফায়েল
-
বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ
বর্তমান সরকারের অধীনে নিবন্ধিত সব দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে উদ্বুদ্ধ করতে কূটনীতিকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ (বৃহস্পতিবার) রাজধানীর একটি হোটেলে ২৫তম ইউএস ট্রেড শো উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের কাছে এ কথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, আমেরিকাসহ বিশ্বের অধিকাংশ দেশে ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন হয়ে থাকে। রাষ্ট্রদূতকে অনুরোধ করেছি, তিনি যেন সব দলকেই এ ব্যাপারে বলেন। কারণ তিনিই বলেছেন, সবার অংশগ্রহণে তারা নির্বাচন দেখতে চান। তারাও যাতে চেষ্টা করেন নির্বাচনে যেন সব দল অংশ নেয়।
'আ. লীগের অবস্থা রোহিঙ্গা জনগোষ্ঠীর মতো হবে'
এদিকে, বিএনপি আবার ক্ষমতায় এলে আওয়ামী লীগের অবস্থা রোহিঙ্গা জনগোষ্ঠীর মতো হবে বলে সতর্ক করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
আজ (বৃহস্পতিবার) দুপুরে ঐতিহাসিক ৭ মার্চ ঢাকার জনসভা সফল করার লক্ষ্যে কামরাঙ্গীরচরে স্থানীয় আওয়ামী লীগের প্রস্তুতি সভায় খাদ্যমন্ত্রী বলেন, "মনে রাখবেন ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তারা যা করেছে, আবার যদি তাদের রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলে আমাদের রোহিঙ্গাদের মতো পরবাসী হতে হবে। দেশের সংখ্যালঘু সম্প্রদায়, আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, প্রগতিশীল মানুষ, লেখক, রাজনীতিবিদ কাউকে তারা শান্তিতে বসবাস করতে দেবে না।
তিনি আরো বলেন, খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, এটা আদালতের সিদ্ধান্তের বিষয়। খালেদা জিয়া কখন জামিনে মুক্ত হয়ে আসবেন, এটাও আদালতের সিদ্ধান্ত। অহেতুক কথাবার্তা বলে, মিথ্যা কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন। বরং নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১