শেখ হাসিনা যতদিন জীবিত আছেন, ততদিন প্রধানমন্ত্রী থাকবেন: হানিফ
https://parstoday.ir/bn/news/bangladesh-i56326-শেখ_হাসিনা_যতদিন_জীবিত_আছেন_ততদিন_প্রধানমন্ত্রী_থাকবেন_হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, “খালেদা জিয়ার দুর্নীতি-হত্যার রাজনীতি এ দেশের জনগণ আর চায় না। জননেত্রী শেখ হাসিনা যতদিন জীবিত আছেন, ততদিন পর্যন্ত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতায় থাকবে, জননেত্রী শেখ হাসিনা ততদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন।”
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ২৫, ২০১৮ ১২:৫৮ Asia/Dhaka
  • মাহাবুব-উল আলম হানিফ
    মাহাবুব-উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, “খালেদা জিয়ার দুর্নীতি-হত্যার রাজনীতি এ দেশের জনগণ আর চায় না। জননেত্রী শেখ হাসিনা যতদিন জীবিত আছেন, ততদিন পর্যন্ত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতায় থাকবে, জননেত্রী শেখ হাসিনা ততদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন।”

আজ (বুধবার) রাজধানীর গুলিস্তানে কাজী বশির মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন বক্তব্যে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, “বিএনপির আর জনগণের কাছে যাওয়ার কোনো মুখ নেই। আজকে বিএনপির এমন করুণ দশা কেন? এর একটাই কারণ,  তাদের শীর্ষ পর্যায়ের নেতারা হত্যা-খুনের রাজনীতিতে জড়িত। আজকে তারেক রহমানের সমস্ত চিন্তা-চেতনা তার পিতার মতো খুনের রাজনীতির।"

শেখ হাসিনাকে কোনোভাবে ক্ষমতাচ্যুত করা যাবে না বলে বিএনপিকে হুঁশিয়ার করেন হানিফ। তিনি বলেন,  "সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে, আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে আবারও ক্ষমতায় আসবে। এই বাংলাদেশের জনগণ বেগম জিয়া ও তার দুর্নীতিবাজ পুত্রের নেতৃত্বে হত্যা-সন্ত্রাসের রাজনীতি দেখতে চায় না। তাই ২০১৮ সাল নয়। ২০২৪ সালে নয়। ২০২৯ সালের পরে তাদেরকে ক্ষমতায় আসার কথা  ভাবতে হবে।"

ছাত্রলীগের নেতাদের উদ্দেশে হানিফ বলেন, "যে আদর্শ নিয়ে, যে চেতনা নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি; যে আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে বঙ্গবন্ধু নিজের জীবন দিয়েছেন- আজকে সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে প্রতি পদে পদে আমাদের বাধার সম্মুখীন হতে হয়। কারণ, আমাদের প্রশাসনের প্রতিটি স্তরে সেই মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তিরা বসে আছে।"

তিনি আরো বলেন, অশুভ শক্তি বিদেশি মদত নিয়ে আবারো অশুভ তৎপরতা করার চক্রান্ত করতে পারে। এজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এদের ষড়যন্ত্রকে মোকাবিলা করার আহ্বান জানান হানিফ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

'তারেক রহমান পাকিস্তানের নাগরিক'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেককে ‘পাকিস্তানের নাগরিক’ দাবি করে আওয়ামী লীগের এই নেতা বলেন, “মির্জা ফখরুল বলেছেন, তারেক রহমান জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। মিথ্যাচার করবেন না। তারেক রহমানের জন্ম হয়েছিল পাকিস্তানের করাচিতে। জন্মসূত্রে নাগরিক হলে তারেক রহমান পাকিস্তানের নাগরিক।”

তারেক রহমান

বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের উদ্দেশে হানিফ বলেন, “মোশাররফ হোসেন সাহেব বললেন যে তারেক রহমানকে আইনি হত্যা করার চেষ্ট করছে সরকার। আইনি হত্যা বলতে কী বোঝাতে চেয়েছেন? আইনের মাধ্যমে সঠিক বিচার হলে তথ্য প্রমাণের ভিত্তিতে তারেক রহমানের সর্বোচ্চ দণ্ড হতে পারে- এই ধারণা করছেন? তার মানে কি আপনারা নিজেরাও প্রমাণ করছেন যে তারেক রহমান একজন খুনি?”

মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়জিদ আহম্মেদ খানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, মহানগর দক্ষিণের সাবেক সভাপতি আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান রানা, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/আবদুর রহমান খান/২৫