নির্বাচন থেকে সরে দাঁড়াতেই অজুহাত দাঁড় করাচ্ছে বিএনপি: কাদের
নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিএনপি বিভিন্ন অজুহাত দাঁড় করাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনে জিতবে না, এই আশঙ্কায় তারা এসব অজুহাত তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।
আজ (শুক্রবার) সকালে রাজধানীর মাতুয়াইলে কয়েকটি যানবাহন মেরামত কারখানা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী। এসব কারখানায় ভাঙ্গাচোরা গাড়ি জোড়াতালি দিয়ে রং করে রাস্তায় নামানোর প্রস্তুতি চলছে।
ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামার জন্য বিআরটিএ ও আইনশৃংখলা বাহিনীর বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ করেন সড়ক পরিবহণমন্ত্রী। এ সময় তিনি বলেন, ফিটনেসবিহীন গাড়ি সড়কে যানজট সৃষ্টি করছে। কোনভাবেই এবার তা করতে দেয়া যাবে না। এ নিয়ে কঠোর নজরদারি করতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন তিনি।
জনদুর্ভোগ কমাতে ঈদের আগে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ না করতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বানও জানান মন্ত্রী। তিনি বলেন, মানুষের ভোগান্তি হচ্ছে, রাস্তা অনতিবিলম্বে মেরামত করা হোক। আর ওয়াসা, ডেসাসহ সংশ্লিষ্ট সবাইকে আমি ডিটিসিএ’র চেয়ারম্যান হিসেবে অনুরোধ করছি, কোনো খোঁড়াখুঁড়ি যেন ঈদের আগের কয়েকদিন রাস্তায় না হয়। এই খোঁড়াখুঁড়ির জন্য দেশের মানুষ যে আজ ভীষণ কষ্টে আছে। কাজেই জনজীবনকে আর দুর্বিসহ না করে আপাতত সব ধরণের খোঁড়াখুঁড়ি বন্ধ করতে হবে।
এ সময়, শীর্ষ সন্ত্রাসী যোসেফের মুক্তি ও বিদেশ যাওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়টি আমার জানা ছিল না। আমি পেপারে পড়েছি, তবে ভালোভাবে জেনে শুনে বলতে হবে। তবে এ বিষয়ে বিএনপির কোনো কথা বলার অধিকার নেই, তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল।
বিএনপি আদালতের ধার ধারে না: ইনু
এদিকে, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ বিচারবিভাগ। এই বিচার বিভাগের কাছেই বিএনপি ধরনা দিয়েছিল, আদালত ও বিচারক পরিবর্তন করেছিল। পরবর্তীতে তাদের পছন্দমত বিচারপতির আদালতে খালেদা জিয়া দুর্নীতি অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
আজ (শুক্রবার) সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। দেশে একদলীয় গণতন্ত্র, তাই কড়া আন্দোলন ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না, বিএনপি নেতা নজরুল ইসলাম খানের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, যখন বিচার বিভাগ খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন তখন তারা মিষ্টি খান। আর যখন জামিন স্থগিত করেন তখন সরকারকে গালি দেন। এই দ্বৈতনীতি গণতন্ত্রের জন্য ভালো খবর নয়। কার্যত বিএনপি আদালতের ধার ধারে না। বিএনপি দুর্নীতিবাজদের বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার চক্রান্ত করছে।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১