বিএনপিতেও মাদকের গডফাদার আছে: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i58466-বিএনপিতেও_মাদকের_গডফাদার_আছে_ওবায়দুল_কাদের
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, "বিএনপি নিজেরাই নিজেদের খাদ খুঁড়েছে। তারা এখন সে খাদের কিনারায়। আগামী নির্বাচনে তাদের নোংরামির জবাব দেবে জনগণ। তারা পরাজয়ের গভীর খাদে পতিত হবে।"
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুন ০৫, ২০১৮ ১৫:২৪ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, "বিএনপি নিজেরাই নিজেদের খাদ খুঁড়েছে। তারা এখন সে খাদের কিনারায়। আগামী নির্বাচনে তাদের নোংরামির জবাব দেবে জনগণ। তারা পরাজয়ের গভীর খাদে পতিত হবে।"

মঙ্গলবার রাজধানীতে একটি সেমিনারে অংশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, "যারা মাদকবিরোধী অভিযান নিয়ে কথা বলে সেই বিএনপিতেও মাদকের গডফাদার আছে, এগুলো খোঁজা হচ্ছে। বিএনপির ঢাকা উত্তর কমিটিতে মাদকসেবী ও ব্যবসায়ী আছে বলে পত্রিকায় বক্তব্য ছাপা হয়েছে, এগুলোও খোঁজা হচ্ছে।"

মন্ত্রী অরো বলেন, "একরামকে নিয়ে কথা হয়, একরাম কার লোক? একরামকে অন্যায়ভাবে মারা হয়েছে প্রমাণ হলে ব্যবস্থা নেয়া হবে। তবে আপনাদের যারা আছে, তাদেরও খোঁজা হচ্ছে, ধরা হবে।"

মাদকবিরোধী অভিযান নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তদন্ত নিয়ে কাদের বলেন, "তদন্ত করে, করুক। এটি তদন্তের জন্য শেখ হাসিনার সরকারই যথেষ্ট। আমরা এবার আটঘাট বেঁধে নেমেছি। কে রাঘববোয়াল, কে চুনোপুঁটি খোঁজা হচ্ছে।"

বাংলাদেশে চলমান মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে প্রতিটি মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের মিশনগুলো। গতকাল ইইউ জোটভুক্ত দেশগুলোর ঢাকাস্থ মিশন প্রধানদের এক যৌথ বিবৃতিতে  বলা হয়, “আমরা আশা করি, কর্তৃপক্ষ যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সন্দেহভাজন অপরাধীদের মৃত্যুর প্রতিটি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে।"

বিনা বিচারে মানুষ হত্যার বিরুদ্ধে আবুল মকসুদ

এ প্রসঙ্গে সুশীল সমাজের প্রতিনিধি কলামিস্ট সৈয়দ আবুল মাকসুদ রেডিও তেহরানকে বলেন, মাদকবিরোধী অভিযানের পক্ষে সকলেই সমর্থন জানাচ্ছে। তবে মাদকবিরোধী অভিযানের নামে বিনা বিচারে মানুষ হত্যা কেউই সমর্থন করতে পারে না।

এদিকে, আজকেও ময়মনসিংহের ব্রহ্মপুত্রে, রংপুরের কাউনিয়ায়, বগুড়ার সদরে ও গোপালগঞ্জের কাশিয়ানীতে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় পাঁচজন নিহত হওয়া খবর পাওয়া গেছে। এর মধ্যে ময়মনসিংহের দুই এবং রংপুর, বগুড়া ও গোপালগঞ্জ একজন করে নিহত হয়েছেন।

পুলিশের দাবি, ময়মনসিংহে, রংপুরে ও বগুড়ায় নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। আর গোপালগঞ্জের কাশিয়ানীতে নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৫