বিএনপির মনোনয়নপত্র বিতরণ কাল, 'আওয়ামী লীগের মাথাব্যথা নেই'
https://parstoday.ir/bn/news/bangladesh-i59224-বিএনপির_মনোনয়নপত্র_বিতরণ_কাল_'আওয়ামী_লীগের_মাথাব্যথা_নেই'
বাংলাদেশের রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোশেষ নির্বাচনে অংশগ্রহণের জন্য আগামীকাল (বুধবার) থেকে মেয়র পদে মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে বিএনপি। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম বিক্রির পরদিন বৃহস্পতিবার তা জমা নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ১৯, ২০১৮ ১৩:১৯ Asia/Dhaka
  • বিএনপির মনোনয়নপত্র বিতরণ কাল, 'আওয়ামী লীগের মাথাব্যথা নেই'

বাংলাদেশের রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোশেষ নির্বাচনে অংশগ্রহণের জন্য আগামীকাল (বুধবার) থেকে মেয়র পদে মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে বিএনপি। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম বিক্রির পরদিন বৃহস্পতিবার তা জমা নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (মঙ্গলবার) সকালে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, বুধবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত দলীয় মনোনয়নপত্র সংগ্রহ এবং বৃহস্পতিবার সেই মনোনয়নপত্র পূরণ করে তা জমা নেয়া হবে। আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম কিনতে হবে ১০ হাজার টাকা এবং জমা দেওয়ার সময়ে জামানত হিসেবে ২৫ হাজার টাকা দিতে হবে। আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।

রুহুল কবির রিজভী

নির্বাচনে বিএনপি অংশগ্রহণ নিয়ে মাথাব্যথা নেই: কাদের

ওদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, "আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা, তা নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই। বিএনপির নির্বাচনে আসার পথে আওয়ামী লীগ বাধা নয়। বিএনপি না এলেও অনেক দল আছে যারা অংশ নেবে। বিএনপি না এলে নির্বাচন কি বসে থাকবে?"

আজ (মঙ্গলবার) দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যৌথ সভা শেষে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের

গত নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার বিষয়ে আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, "বিএনপি আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে কি নেবে না- এটা তাদের বিষয়। তবে নির্বাচনে অংশ নেয়াটা তাদের গণতান্ত্রিক অধিকার। নির্বাচনে না এলে কী হবে, তা বিএনপি জানে। বিএনপি আন্দোলনও করতে চায়, আবার নির্বাচনেও অংশ নিতে চায়। বিগত নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে। আবার একই ভুল করলে তারা নিজেরাই সমালোচনার শিকার হবে।"

তিনি আরও বলেন, "বিএনপির দেশের জনগণের প্রতি আস্থা নেই। তাই তারা বিদেশিদের কাছে অভিযোগ করে দেশকে খাটো করছে। এটা তাদের রাজনৈতিক দেউলিয়াপনা।"

তিনি বলেন, "মির্জা ফখরুলরা থাইল্যান্ডে গিয়ে কী করেন- সে খবরও আমরা জানি। আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। কিন্তু কোনো ষড়যন্ত্রে কাজ হবে না।"

মোহাম্মদ নাসিম

নির্বাচনে বিএনপির অংশ নেয়া উচিত: নাসিম

এদিকে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং মোহাম্মদ নাসিম আন্দোলনের অলীক স্বপ্ন না দেখে, আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।  

মোহাম্মদ নাসিম মঙ্গলবার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (নিটোর) হাসপাতালের বর্ধিত ভবনের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি মনে করেন, যেকোনো পরিস্থিতিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশ নেয়া উচিত এবং তারা নির্বাচনে আসবে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৯