সরকারের পদত্যাগ চাইলেন ফখরুল: ছাত্রদের ওপর ভর করেছে বিএনপি- কাদের
সড়কে নিরাপত্তার দাবিতে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভে বিএনপির সমর্থন আছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, 'শিক্ষার্থীরা যে দাবিতে রাজপথে নেমেছে তা যৌক্তিক। আমরা তাদের এ দাবিকে সমর্থন জানাই।'
সরকারকে পদত্যাগের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, 'সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে দেশে একের পর এক অঘটন ঘটলেও অনির্বাচিত এ সরকার তা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই জনগণকে এই সরকারের পতন আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি। শুধু শাজাহান খান নয়, এ ঘটনায় সরকারের পদত্যাগ দাবি করছি।'
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তার নিন্দা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমরাও বলতে পারি, শেখ হাসিনা দেশে আসার ১৭ দিন পরে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল।’ জিয়াউর রহমান কোনো হত্যার সঙ্গে জড়িত নয় বলেও জানান তিনি।
বিএনপির মহাসচিব বলেন, ‘শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন দমাতে না পেরে আন্দোলনকে অন্যদিকে ফেরানোর জন্য জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যা কথা বলেছেন সরকারের প্রধানমন্ত্রী।’
এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক পরিবহন মন্ত্রী সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আন্দোলনের আর কোনো উপায় না পেয়ে এখন ছাত্রদের ওপর ভর করেছে বিএনপি। এর আগে কোটা আন্দোলনে ভর করে কোনো লাভ হয়নি তাদের।'
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে তার দপ্তরে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, ‘আগামী অধিবেশনেই সড়ক পরিবহন আইন পাস করার চেষ্টা করা হবে। সার্বিক বিষয় নিয়েই আইন করা হয়েছে। এতে সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা যাবে বলে তিনি আশা করেন।
আইনে কী আছে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটি ওয়েবসাইটে দেয়া আছে।’
তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে নিরাপদে ও নিয়মকানুন মেনে সড়কে চলাচল করতে পারে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্ব আছে। তারা (ছাত্ররা) কানে ফোন দিয়ে যখন রাস্তা পার হয় তখন তাদের খেয়াল থাকে না যে গাড়ি আসছে।
মন্ত্রীদের আশ্বাসের পরও এখনো শিক্ষার্থীরা রাস্তা থেকে উঠছে না কেন এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সব দাবির সমাধান সড়ক পরিবহন আইনে আছে। এই আইনটা পাস ও বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হলে রাস্তায় পাখির মতো মানুষ মরার প্রবণতার ওপর নিয়ন্ত্রণ আরোপ হবে।
বিচারের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা ও আইনি জটিলতা সম্পর্কে মন্ত্রী বলেন, এসব বিষয় নিয়ে মন্ত্রীসভায় কথা হবে। আইন যদি সড়ক দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে না পারে তাহলে সে আইনের তো প্রয়োজন নেই।
শিক্ষার্থীরা রাস্তায় লাইসেন্স চেকসহ জনসচেতনতায় যেসব কাজ করছে- আইনের কারণে এসব বাদ পড়ে ছিল নাকি এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'আমিই বাংলাদেশে এসব আগে করে দেখিয়েছি। আমিই এসব শুরু করেছিলাম।'
জাবালে নূর বাসের মালিক রিমান্ডে
রাজধানীতে বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জাবালে নূর পরিবহনের মালিক শাহাদাত হোসেনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার ডিবি পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে বাস মালিক শাহাদাতের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। রিমান্ড শুনানির সময় কিছু জানতে চাইলে জবাবে কাঠগড়ায় দাঁড়ানো শাহাদাত বিচারককে বলেন, আমি বাসের মালিক বা বাসটি কিনেছি, এটাই আমার অপরাধ। আমিতো ড্রাইভারদের অপরাধের সম্পর্কে কিছু জানি না।
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২