কূটনীতিকদের সাথে বিএনপির বৈঠক পুরোনো নালিশেরই অংশ: ওবায়দুল কাদের
-
শেখ ফজিলাতুন্নেসা মুজিবের কবরস্থানে শ্রদ্ধা নিবেদন
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কূটনীতিকদের সাথে বিএনপির বৈঠক পুরোনো নালিশেরই অংশ। দলটি কূটনীতিকদের সামনে মিথ্যাচার করে। এটা তাদের মিথ্যাচারের অংশ, পুরোনো অভ্যাস।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে আজ (বুধবার) রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, “আন্দোলন জনগণের সাড়া না পেয়ে কাছে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ করছে বিএনপি, এটা নতুন কিছু নয়। যারা আন্দোলনে ব্যর্থ হয়, তারা নালিশই করে। আর সেই নালিশটা দেশের লোকের কাছে করে না, বিদেশিদের কাছে করে। এটা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ।”
গতকাল (মঙ্গলবার) বিকেল সোয়া চারটায় গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন দলটির সিনিয়র নেতারা। বিকেল ৫টা ১০ মিনিটে বৈঠক শেষ হয়।
বৈঠকে কূটনীতিকদের মধ্যে ছিলেন ফ্রান্সের রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার, আমেরিকা, ব্রিটেন, কানাডা, স্পেন, কুয়েত, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে ও জার্মান দূতাবাসের প্রতিনিধিরা।
বৈঠকে বিএনপির নেতারা সদ্য শেষ হওয়া তিন সিটি করপোরেশনের নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও ছাত্র আন্দোলনের বিষয়ে কূটনীতিকদের অবহিত করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৮