বিএনপির খোয়াব অচিরেই কর্পূরের মতো উড়ে যাবে: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i63902-বিএনপির_খোয়াব_অচিরেই_কর্পূরের_মতো_উড়ে_যাবে_ওবায়দুল_কাদের
বাংলাদেশে জাতীয় ঐকমত্য ও আন্দোলনের নামে কোনও সহিংসতার চেষ্টা করা হলে জনগণকে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ৩০, ২০১৮ ০৮:২৬ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশে জাতীয় ঐকমত্য ও আন্দোলনের নামে কোনও সহিংসতার চেষ্টা করা হলে জনগণকে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (বৃহস্পতিবার) সকালে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের সংশ্লিষ্ট যাঁরা ঘোলা পানিতে মাছ শিকার করে দেশে একটা অস্থিতিশীল নাজুক পরিস্থিতির সৃষ্টি করতে চান, তাঁরা বোকার স্বর্গে বাস করছেন। বাংলাদেশে ২০১৪ সাল, ২০০১ সাল আর ফিরে আসবে না। সেই খোয়াব দেখলে অচিরেই কর্পূরের মতো উড়ে যাবে।

তিনি বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বয়কটের পর পাবলিক তাদের ডাকে সাড়া না দেওয়ার অর্থই হচ্ছে জনগণ নির্বাচিত সরকারকেই সমর্থন করে। এবং নির্বাচিত সরকারের উন্নয়ন অর্জন জনগণকে খুশি করেছে। শেখ হাসিনার সৎ, পরিশ্রমী নেতৃত্ব জনগণ আস্থায় নিয়েছে। যে কারণে বিএনপির আন্দোলনের জনগণের পক্ষ থেকে কোনো সায় নেই। আমি পরিষ্কার করে বলতে চাই, তাঁরা যদি জাতীয় ঐক্যের নামে, আন্দোলনের নামে আবারও সহিংসতার দিকে পা বাড়ায়, তাহলে কিন্তু দেশের জনগণকে নিয়ে আমরা কঠিনভাবে সমুচিত জবাব দেব। এই পরিস্থিতির মোকাবিলা করব।’

আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে সে সিদ্ধান্ত সরকার মেনে নিবে। তবে পৃথিবীর অনেক দেশেই সময় এবং খরচ সাশ্রয়ের জন্য ইভিএম প্রযুক্তি ব্যবহার করছে। আওয়ামী লীগ ইভিএম ব্যবহারের পক্ষে।

পরিদর্শনকালে মন্ত্রী কর্তব্যে অবহেলার জন্য বিআরটি প্রজেক্টের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সানাউল হক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী লিয়াকত আলীকে কারণ দর্শাতে বলেন।

সড়ক পরিবহনমন্ত্রী জানা, মহাসড়কে করিমন, নসিমন, ভটভটিসহ সব ধরনের তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারসহ সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০