সরকারের ওপর চাপ প্রয়োগ করতেই বিএনপির লবিস্ট নিয়োগ: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i64274-সরকারের_ওপর_চাপ_প্রয়োগ_করতেই_বিএনপির_লবিস্ট_নিয়োগ_কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি সরকারের ওপর চাপ প্রয়োগ করতেই লবিস্ট নিয়োগ করেছে। তবে সরকারের শেকড় এত দুর্বল নয়। বাইরের কোন চাপের কাছেই মাথা নত করবে না।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০১৮ ১০:০৬ Asia/Dhaka
  • সরকারের ওপর চাপ প্রয়োগ করতেই বিএনপির লবিস্ট নিয়োগ: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি সরকারের ওপর চাপ প্রয়োগ করতেই লবিস্ট নিয়োগ করেছে। তবে সরকারের শেকড় এত দুর্বল নয়। বাইরের কোন চাপের কাছেই মাথা নত করবে না।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময়, সাধারণ মানুষের পাশে থেকে ভালোমানের সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, বিএনপি ওয়াশিংটনভিত্তিক দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। দুই লাখ ৩০ হাজার ডলারের বিনিময়ে লবিস্ট নিয়োগ করেছে দুটি প্রতিষ্ঠানকে। লবিস্ট নিয়োগ করা কেন? যুক্তরাষ্ট্রের সরকারের কাছে লবিং করবে আমাদের ওপর চাপ দেয়ার জন্য। কিন্তু আমাদের গণভিত অনেক শক্তিশালী। আজকে আমাদের চাপ দিতে পারে বাংলাদেশের জনগণ, অন্য কারো চাপের কাছে আমরা নতি স্বীকার করব না।

বক্তৃতা করছেন ওবায়দুল কাদের

ওবায়দুল  কাদের বলেন, চুক্তি অনুযায়ী ‘ব্লু স্টার স্ট্র্যাটেজিক’কে আগস্ট মাসে ২০ হাজার ডলার এবং বছরের বাকি মাসগুলোয় ৩৫ হাজার ডলার করে দিতে হবে। বিএনপি এতো টাকা কোথায় পেল? এ টাকা লন্ডন থেকে এসেছে। লন্ডন মানে আপনারা বুঝতেই পারছেন ওখানে কে থাকে।

বিএনপির এ পদক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, তারা লবিস্ট নিয়োগ করতেই পারে না। লবিস্ট নিয়োগের কি আছে। বাংলাদেশ কি পাকিস্তান, সুদান, সোমালিয়া, ইরাক, আফগানিস্তান, দক্ষিণ সুদান, ইয়েমেন ও যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া হয়ে গেছে যে, লবিস্ট নিয়োগ করতে হবে।

জাতিসংঘে বিএনপি নালিশ করতে গেছে, এমন অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আর আন্দোলন করতে পারে না। তাদের এখন নালিশই পুঁজি। তবে যার সঙ্গে বৈঠক করতে গেছে তিনি (জাতিসংঘ মহাসচিব) এখন ঘানায়।

পলিটিকো ম্যাগাজিনের প্রতিবেদন

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে তদবির চালাতে যুক্তরাষ্ট্রে ‘লবিস্ট’ নিয়োগ করেছে বিএনপি বলে খবর দিয়েছে রাজনীতিবিষয়ক ম্যাগাজিন দ্য পলিটিকো। দেশটির জাস্টিস ডিপার্টমেন্টের বরাত দিয়ে গত ১১ সেপ্টেম্বর প্রকাশিত ম্যাগাজিনটির এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত আগস্টে যুক্তরাষ্ট্রের ‘ব্লু স্টার স্ট্র্যাটেজিস’ এবং ‘রাস্কি পার্টনার্স’ এর সঙ্গে বিএনপির হয়ে  চুক্তি করেছেন আব্দুস সাত্তার নামে ব্যক্তি।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৪