ঐক্যের নামে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে: আইনমন্ত্রী
-
আইনমন্ত্রী আনিসুল হক
বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ঐক্যের নামে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আপনারা ঐক্য করেন, কোনও আপত্তি নাই। যে ঐক্য নীতিহীন, স্বাধীনতাবিরোধীদের কথা বলে, সেই ঐক্যের সঙ্গে বাংলার জনগণ যাবে না।
আজ (শুক্রবার) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কসবা পৌর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান আইনমন্ত্রী।
এদিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ঐক্যজোটের নেতারা জোট গঠন করেই বিদেশে যান। এতে প্রমাণ হয়, দেশের জনগণের ওপর তাদের আস্থা নেই। তাদের আস্থা হচ্ছে বিদেশিদের ওপর। এজন্য তারা বিদেশিদের কাছে ধর্না দিতে গিয়েছিলেন।
আজ (শুক্রবার) দুপুরে কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হানিফ আরও বলেন, তারা অপেক্ষা করুক, বিদেশিরা যদি ক্ষমতায় বসিয়ে দেয়। দেশের জনগণ আর কখনও তাদের ক্ষমতায় বসাবে না। অতএব, ক্ষমতার স্বপ্ন তাদের দেখার দরকার নেই। জনগণ ঐক্যজোটের ওই সমস্ত সন্ত্রাসীদের আর ক্ষমতায় আনবে না। তাদের মন্ত্রী-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
অন্যদিকে, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, স্বাধীনতাবিরোধীদের সঙ্গে যারা জাতীয় ঐক্য করেছে, তারা জাতির শত্রু। কারণ স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে আন্দোলন ও যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে মানুষ।
আজ (শুক্রবার) সকালে বিআইডব্লিউটিসি'র বরিশালের আঞ্চলিক অফিস কাম বাণিজ্যিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, জাতীয় ঐক্যের নামে ড. কামাল হোসেন ভাওতাবাজি করছেন। তিনি বলেছিলেন, জামায়াতের সঙ্গে কোনও ঐক্য নয়, অথচ গেলেন তাদের সঙ্গেই। ২০ দলে কি জামায়াত নেই?#
পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/১৯