ঐক্য ফ্রন্টের ৭ দফা নির্বাচন বানচালের ৭ চক্রান্ত: ওবায়দুল কাদের
-
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐক্য ফ্রন্টের সাত দফা হচ্ছে আগামী সংসদ নির্বাচন বানচালের সাত চক্রান্ত। আর সেজন্য ওই নেতারা আজ এক হয়েছে। তিনি বলেন, জনগণ কি তাদের ওই ঐক্যকে মেনে নিয়েছে? তাদের নেতা কামাল হোসেন আছেন মঞ্চে আর পেছনে আছে তারেক রহমান।
আজ (বুধবার) দুপুরে টঙ্গী সরকারি কলেজ মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগ আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী ওইসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ১/১১-এর কুশীলবদের নেতৃত্ব জনগণ কি মেনে নিতে পারে? মইনুলকে ঐক্যফ্রন্টের নেতা হিসেবে নয়, তাকে গ্রেফতার করা হয়েছে অপরাধী হিসেবে। বিএনপি আজ মাইনাস-২-এর নেতার সঙ্গে হাত মিলিয়েছে, তার মুক্তি দাবি করছে। সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন আজ নষ্ট রাজনীতির প্রবর্তক, প্রচারক বিএনপির সঙ্গে হাত মিলিয়েছেন।
সেতুমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ বিজয়ী হবে। দলের মনোনয়ন দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যাকেই মনোনয়ন দেবেন তাকেই সমর্থন করতে হবে। কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে সঙ্গে সঙ্গেই দল থেকে বহিস্কার করা হবে। মনে রাখতে হবে বিদ্রোহী মানেই বহিস্কার। আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত হয়েছে ফলে এ দলকে পরাজিত করতে পারে বাংলাদেশে এমন কোনো শক্তি নেই। পরে সেতুমন্ত্রী টঙ্গী থেকে আওয়ামী লীগের নির্বাচনি গণসংযোগ ও প্রচারণা কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন