জাতীয় নির্বাচনে মহাজোট বিপুল ভোটে জয়ী হবে: ওবায়দুল কাদের
-
ওবায়দুল কাদের
বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশাবাদ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট বিপুল ভোটে বিজয়লাভ করবে। বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।
আজ (শুক্রবার) বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ ও জোটের প্রার্থী চূড়ান্ত করা প্রসঙ্গে তিনি বলেন, মনোনয়ন তালিকা ২৭ নভেম্বরের মধ্যে চূড়ান্ত করার কোনো বিকল্প নেই। ২৭ নভেম্বর অতিক্রম করা যাবে না। আমরা ইলেক্টেবল ও উইনেবল প্রার্থীদেরই মনোনয়ন দেবো। মনোনয়নের জন্য যে তালিকা চূড়ান্ত হয়েছিলো, সেখানেও শেষ মুহূর্তে অনেক পরিবর্তন আসছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বুড়িগঙ্গা নদী থেকে যশোর জেলা বিএনপির সহ-সভাপতি এবং আসন্ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আবু বকর আবুর মরদেহ পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, তাদের মনোনয়নপ্রত্যাশী অনেক। একজনকে সরিয়ে দিলে আরেকজন মনোনয়ন পাবে, এটাও হতে পারে। বিএনপির অভ্যন্তরীণ সমস্যা হতে পারে। বিএনপির এই প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের দ্বন্দ্ব নেই, কোনো স্বার্থেরও বিষয় নেই।
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি স্বপ্নবিলাসী দল। তারা তো আগের নির্বাচনে আমাদের ত্রিশ আসন দিয়েছিল। পরে তারা নিজেরাই পেয়েছিল ৩০ আসন। এবার তারা ২৫ দিচ্ছে, ৩০ দিচ্ছে। কিন্তু নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে যে জোয়ার দেখা যাচ্ছে, সারা দেশে তাদের এই জোয়ার নেই। সারা দেশে নৌকার জোয়ার। এই সাময়িক জোয়ারে ক্ষমতার রঙিন খোয়াব যদি বিএনপি নেতারা দেখেন, তাহলে ৩০ ডিসেম্বর টের পাবেন।
আওয়ামী লীগ প্রশাসনকে ব্যবহার করছে, বিএনপির এমন অভিযোগ নাকচ করে দিয়ে সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মিথ্যাচার করছে। জনগণ পক্ষে না থাকলে প্রশাসনের ম্যাকানিজম কোন কাজে আসে না। আওয়ামী লীগের পক্ষে আছে জনগণ। নির্বাচনে সব ধরনের হিসাবে আওয়ামী লীগ এগিয়ে আছে। আমরা এটুকু বলতে পারি, সব হিসাবের অঙ্কে আমরা এগিয়ে আছি।
এদিকে, মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসে বিশ্বাসী নয় বা স্বাধীনতা যুদ্ধের পক্ষে নয় এমন কোনো অপশক্তিকে মুক্তিযোদ্ধারা ক্ষমতায় দেখতে চান না বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে যে কোনো গণতান্ত্রিক দেশপ্রেমিক দল বা জোট দেশের ক্ষমতায় আসুক আমরা মনে প্রাণে তাই চাই।
আজ শুক্রবার) সকালে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নৌমন্ত্রী।
তিনি আরও বলেন, দেশের বীর মুক্তিযোদ্ধারা আজ ঐক্যবদ্ধ। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে সব জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় খুলে দেয়া হয়েছে। সেখান থেকে পরিচালিত হবে নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি। তবে প্রশাসনের কার্যক্রমে মুক্তিযোদ্ধা সংসদ হস্তক্ষেপ করবে না।#
পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/২৩
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন