একাদশ জাতীয় নির্বাচন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই: মোহাম্মদ নাসিম
https://parstoday.ir/bn/news/bangladesh-i66236-একাদশ_জাতীয়_নির্বাচন_সাম্প্রদায়িক_শক্তির_বিরুদ্ধে_লড়াই_মোহাম্মদ_নাসিম
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই হবে, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ৩০, ২০১৮ ১৩:৫৩ Asia/Dhaka
  • বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম
    বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই হবে, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ডিসেম্বর মাসে বাঙালির বিজয় ছাড়া অন্য কিছু চিন্তা করা যায় না। এবার জাতীয় নির্বাচনও ডিসেম্বরের ৩০ তারিখ। আমাদের এ লড়াই হচ্ছে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, কিছু নীতিহীন-আদর্শহীন ব্যক্তির বিরুদ্ধে। বিশ্বাস করি, জাতি অপশক্তির বিরুদ্ধে আবারও বিজয় অর্জন করবে।

আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তিকে মানুষ রাজনীতিতে দেখতে চায় না। নির্বাচনের পর মানুষ দেখতে চায়, স্বাধীনতার পক্ষের শক্তি ছাড়া কোনো রাজনৈতিক শক্তি বাংলাদেশে থাকবে না। এই লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। শেখ হাসিনা যে আলো ছড়িয়েছেন, জঙ্গিবাদ দমন করেছেন, এজন্য নৌকাকে বিজয়ী করতে মানুষ ভোট দিতে চায়।

বাংলাদেশের খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

এদিকে, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে একসময় মঙ্গা লেগেই থাকতো। আর এখন আমরা খাদ্য রপ্তানি করার যোগ্যতা অর্জন করেছি। নেপালে দুর্যোগের সময় আমরা তাদের খাদ্য সহায়তা দিয়েছি। আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। উত্তরবঙ্গে এখন আর মঙ্গা হয় না।

আজ (শুক্রবার) দুপুরে ঢাকার কেরানীগঞ্জে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আনা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। কেরানীগঞ্জেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। ১২০ কোটি টাকা ব্যয়ে কেরানীগঞ্জের সড়ক অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে।#

পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/৩০