বিএনপি নির্বাচন বানচাল করতে চায়: আওয়ামী লীগ
জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সরকার ও নির্বাচন কমিশনের (ইসির) বিরুদ্ধে যৌথভাবে নির্বাচন বানচালের অভিযোগ করার পর একই ইস্যুতে পাল্টা অভিযোগ করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার বিএনপি মহাসচিব অভিযোগ করার পর সন্ধ্যায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে একই অভিযোগ করেন। তারা বলেছেন, বিএনপি চাচ্ছে নির্বাচন বানচাল করতে।
ইসির সঙ্গে সাক্ষাৎ শেষে আওয়ামী লীগের প্রতিনিধি দলের প্রধান ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আক্তারুজ্জামান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা বিচলিত ও অস্থির। তারা কোন সময় কোনটা বলেন তার ঠিক-ঠিকানা নেই। একবার বলছেন, ভোট ছেড়ে যাব না। আবার বলছেন, ভোট করতে পারব কি-না জানি না। একবার সন্তুষ্টি প্রকাশ করে নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিচ্ছেন, আবার কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের আন্দোলন ও কর্মকাণ্ডে নির্বাচনকে বানচাল করা, ক্ষতিগ্রস্ত বা প্রশ্নবিদ্ধ করার বিষয়গুলো লক্ষ্য করা যাচ্ছে।
বিএনপির অভিযোগের জবাবে তিনি বলেন, এর আগেও তারা পল্টনে বসে এই ধরনের অভিযোগ করেছেন। তাদের বক্তব্যগুলোর কোনো ভিত্তি না থাকার কারণে মানুষের কাছে খুব একটা গ্রহণযোগ্য হচ্ছে না। রাজনৈতিক প্রোপাগান্ডা হিসেবে নির্বাচনের আগে বিশেষ পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছেন তারা।
আক্তারুজ্জামান বলেন, আওয়ামী লীগ সরকারে আছে। তার পরও দলের পাঁচজনকে মেরে ফেলা হয়েছে। কর্মীরা যে মারা যাচ্ছেন, আহত হচ্ছেন তার প্রমাণ কমিশনকে দেখিয়েছি। কিন্তু বিএনপির কর্মকাণ্ড প্রেস রিলিজ বা মুখের বক্তব্যে সীমাবদ্ধ।
নির্বাচন কেন্দ্র করে কালো টাকা ছড়ানোর অভিযোগ তুলে তিনি বলেন, বাংলাদেশে দুবাই থেকে ১৫০ কোটি টাকা আনা হয়েছে। ৮ কোটি টাকাসহ মতিঝিলে র্যাব একজনকে গ্রেফতার করেছে। সেই কারণে উদ্বেগ প্রকাশ করে কমিশনকে অনুরোধ করেছি, অস্ত্রের মুভমেন্ট, টাকার মুভমেন্ট- এসব বিষয়ে নিজ নিজ প্রতিষ্ঠান যেন আরও বেশি মনিটর করে।
সিলেট, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, চাঁদপুর, নীলফামারী, সাতক্ষীরা জেলাসহ বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের লোকেরা আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ভাংচুর, অগ্নিসংযোগ ও মিছিলে হামলা করেছে বলে ইসিকে জানিয়েছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। ইসি এ ব্যাপারে ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছে।
আক্তারুজ্জামান বলেন, সাংবাদিকরা যাতে বিনা বাধায় খোলামেলাভাবে চলাফেরা করতে পারেন, তার ব্যবস্থার জন্য নির্বাচন কমিশনকে বলেছি। মোটরসাইকেল ও সাংবাদিকদের গাড়ি যেন চলতে পারে, সে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ইসি প্রশাসনের সঙ্গে কথা বলে ব্যবস্থা করবেন বলে জানিয়েছে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬