ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ কাদেরের
-
ওবায়দুল কাদের
৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনেন দিন ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (বৃহস্পতিবার) সকালে নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের বসুরহাটে এক পথসভায় এ নির্দেশ দেন নোয়াখালী-৫ আসনের এই প্রার্থী। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে। এ সময় বাহিনীর সদস্যদের সহযোগিতা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আওয়ামী লীগকে এর দায়ভার নিতে হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
গয়েশ্বরের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৩
এদিকে, নির্বাচনী প্রচার চলাকালে ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার ঘটনায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিনজনকে গ্রফতার করা হয়েছে।
নির্বাচনী প্রচার চলাকালে মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জের চুনকুটিয়ায় মাওয়া সড়কের বেগুনবাড়ি সেতুর কাছে গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলায় তারমাথা ফেটে যায় এবং দলের ১০-১২ কর্মী-সমর্থক আহত হন।
বৃহস্পতিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজামান বলেন, গয়েশ্বর চন্দ্র রায়ের উপর হামলার ঘটনায় একটি মামলার রুজু হলে বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান সবুজ, শুভঢ্যা ইউনিয়ন যুবলীগ সদস্য মো. মামুম ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সহ স্বাস্হ্য বিষয়ক সম্পাদক শরিফ মো. ফালানকে গ্রেফতার করা হয়। রিমান্ড আবেদন করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৭
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন