জয়ের ব্যাপারে আশাবাদী শেখ হাসিনা, ‘ভোট বিপ্লব' ঘটানোর আহ্বান কামালের
বাংলাদেশে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে আজ হচ্ছে প্রচারণার শেষ রজনী। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামীকাল সকাল আটটা পর্যন্ত এ প্রচারণা চালানো যাবে।
নবম ও দশম নির্বাচনের ধারাবাহিকতায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও পুনরায় সরকার গঠনের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার অনলাইন সংস্করণে আজ প্রকাশিত এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, জনগণ আওয়ামী লীগের সঙ্গে রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ আবার সরকার গড়বে।
এদিকে, নির্বাচনী প্রচারের শেষ দিন সংবাদ সম্মেলন ডেকে ধানের শীষের পক্ষে ‘ভোট বিপ্লব’ ঘটানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন।
'আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না'
এর আগে আজ সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার কথা জানিয়েছেন।
বিএনপি মহাসচিব বলেছেন, ‘আমরা দেখতে চাই, দেখাতে চাই আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। জনগণ জেগে উঠেছে। জনগণের শক্তিকে আমরা বিশ্বাস করি। জনগণ পরিবর্তন চাচ্ছে। এজন্য আমরা চেষ্টা করছি।’
'বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্টের অন্য উদ্দেশ্য আছে'
অপরদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, ‘এবারের নির্বাচনে বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্টের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা নির্বাচনে অংশগ্রহণ করে জয়-পরাজয় নির্ধারণ করতে আসেনি। তাদের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। তারা প্রথম থেকেই নির্বাচনের মাঠে প্রচলিত রীতিনীতি অনুযায়ী প্রচার-প্রচারণায় অংশগ্রহণ না করে, পোস্টার-ব্যানার নিয়ে মিথ্যাচার, অপপ্রচার, নাশকতা ও সহিংসতার পথ বেছে নিয়েছে।’
বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আব্দুর রহমান।
ভোটের মাত্র দু’দিন বাকী থাকলেও নির্বাচন কমিশন এখনো জনমনে আস্থা সৃষ্টি করতে পারছে না। নির্বাচনী সহিংসতা প্রসঙ্গে আজ নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, তারা সরকারিদল ও বিরোধীদল উভয়পক্ষ থেকে অভিযোগ পাচ্ছেন। তবে তারা একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আশাবাদী।
পরিস্থিতি অনেক ভালো: ইসি শাহাদাত
এদিকে, এখন পর্যন্ত নির্বাচনের মাঠে সব দল সমান সুযোগ পেয়েছে কিনা, লেভেল প্লেয়িং ফিল্ডের ছিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন, কমিশনার ব্রিগেডিয়ার জেনারেন (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।
আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ কক্ষে এক ব্রিফিংয়ে শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, নির্বাচনের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে। তবে নির্বাচনে অংশ নেয়া ছোট দলগুলোও নির্বাচনে অনুকূল পরিবেশ সৃষ্টির তাগিদ দিয়েছে।
প্রার্থী এবং ভোটাররা নিরাপত্তাহীন: বিএনএফ
দলীয় সভাপতি ও প্রার্থীদের নিরাপত্তা বিধান সুনিশ্চিতকরণ প্রসঙ্গে নির্বাচন কমিশন ভবনে এসে ইসি সচিবের সাথে সাক্ষাত শেষে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)-এর সভাপতি এস এম আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, সরকার দলের নেতা-কর্মীদের কারণে প্রার্থী এবং ভোটাররা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। নির্বাচন কমিশন ব্যাপকভাবে প্রভাবিত।
ভয়ভীতিহীন নির্বাচনের আহ্বান জাতিসংঘের
ওদিকে, জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভয়ভীতিহীন ও দমন-পীড়নহীন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি নির্বাচন যাতে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক হয়, তা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন।
আজ (বৃহস্পতিবার) নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান হয়। #
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৭
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন