যে ফলই আসুক আমরা তা মেনে নেব: আওয়ামী লীগ
https://parstoday.ir/bn/news/bangladesh-i66926-যে_ফলই_আসুক_আমরা_তা_মেনে_নেব_আওয়ামী_লীগ
বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, "আমরা তো অবশ্যই আশাবাদী যে, বাংলার জনগণ আমাদের ভোট দেবেন। তারা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এরপরও যদি জনগণ আমাদের ভোট না দেয় এবং যে ফলই আসুক আমরা তা মেনে নেব।" 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ২৯, ২০১৮ ১১:১৫ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন আব্দুর রহমান
    বক্তব্য রাখছেন আব্দুর রহমান

বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, "আমরা তো অবশ্যই আশাবাদী যে, বাংলার জনগণ আমাদের ভোট দেবেন। তারা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এরপরও যদি জনগণ আমাদের ভোট না দেয় এবং যে ফলই আসুক আমরা তা মেনে নেব।" 

আজ (শনিবার) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।আব্দুর রহমান বলেন, "বাংলাদেশের জনগণ কোনও ব্যর্থ রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে থাকতে চায় না। মহান মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্বৃত্তায়নের রাজনীতির পৃষ্ঠপোষকতা ও মদদ দেওয়ার কারণেই বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টের রাজনীতিকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণ বিএনপি-জামায়াত থেকে থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান তাদের জরিপের ফলাফল জাতির সামনে প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আরডিসি, টাইম ম্যাগাজিন, হিন্দুস্তান টাইমসসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, আবারও বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রাখার জন্য ভোট দেবেন।"

বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন- দাবি করে তিনি বলেন, "রাজনৈতিকভাবে চরম দেউলিয়া ও ব্যর্থতার ভারে নুজ্য বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট জনগণের সমর্থন লাভে সম্পূর্ণ ব্যর্থ হয়ে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করতে পারেনি। তাদের অংশগ্রহণ করতে উদাসীন দেখা গেছে। মনোনয়ন বাণিজ্য, স্বাধীনতাবিরোধী দুর্বৃত্তায়নের রাজনীতিকে পৃষ্ঠপোষকতা দেওয়ার কারণে তারা দুর্নীতিবাজ তারেক-খালেদার নেতৃত্ব থেকে থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই তারা সংঘাত সহিংসতার পথ বেছে নিয়েছে। একদিকে গণমাধ্যমে লাগাতার মিথ্যাচার, অপপ্রচার, গুজব সৃষ্টিতে লিপ্ত রয়েছে অন্যদিকে সহিংসতা সন্ত্রাস সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত রয়েছে।"

আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আব্দুর রহমান বলেন, "নির্বাচনের শেষ পর্যন্ত আমাদের কিন্তু থাকতে হবে। ভোটারদের কেন্দ্রে নিতে হবে এবং নির্বাচনের ফলাফল পর্যন্ত আমাদের কাজে নিজেদের নিয়োজিত রাখতে হবে এবং কোনও ধরনের অপপ্রচারের শিকার যেন না হই সে কারণে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।"

বাংলাদেশের ইতিহাসে যেকোনও নির্বাচনের চেয়ে এই নির্বাচনে শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশ বিরাজ করছে দাবি করে আব্দুর রহমান বলেন,"কিছু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাংলাদেশের ইতিহাসে যেকোনও নির্বাচনের চেয়ে এই নির্বাচনে শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশ আমরা পর্যবেক্ষণ করছি। ৩০ ডিসেম্বর জনগণের ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে জাতির ভবিষ্যৎ। আগামীর বাংলাদেশ কেমন হবে ভোটারদের প্রতিটি ব্যালটে নির্ধারিত হবে তার রূপরেখা। মহান মুক্তিযুদ্ধের চেতনায় ও ত্রিশ লাখ শহীদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে নাকি আবারও স্বাধীনতাবিরোধী অপশক্তির কবলে পড়ে বাংলাদেশের অগ্রযাত্রা মুখথুবড়ে পড়বে- তা নির্ধারণের দিন আগামীকাল।"

পরাজয় নিশ্চিত জেনে বিএনপিতে হতাশার সুর: কাদের 

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশৃঙ্খলা ও নির্বাচন বানচাল তারাই করতে চায়, যাদের নির্বাচনে জয়ের ব্যাপারে আশা নেই। পরাজয় নিশ্চিত যেনেই বিএনপি নেতাদের মধ্যে হতাশার সুর উঠেছে।

আজ (শনিবার) দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। কাদের আরো বলেন, বিএনপির দুই শীর্ষ স্থানীয় নেতার ফোনালাপই বলে দেয় তারা ২০, ২২ ও ৩০টি আসনের বেশি পাবে না। আমি জানি না হয়তো আরো বেশিও পেতে পারেন।

এর আগে, সকালে বিশিষ্ট শিল্পপতি আল-আমিন গ্রুপের চেয়ারম্যান আনোয়ার মির্জার মরদেহ দেখতে জেলা শহরের হরিণারায়ণপুরস্থ বাসায় যান ওবায়দুল কাদের। এ সময় তিনি আনোয়ার মির্জার বিভিন্ন কৃতিত্বের কথা তুলে ধরেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন