শেষমুহূর্ত পর্যন্ত মাঠে থাকবেন- হাসিনা : নৌকা মার্কা বড় জয়ের পথে- জয়
https://parstoday.ir/bn/news/bangladesh-i66933-শেষমুহূর্ত_পর্যন্ত_মাঠে_থাকবেন_হাসিনা_নৌকা_মার্কা_বড়_জয়ের_পথে_জয়
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন বানচাল করতে সন্ত্রাস ও নানা ষড়যন্ত্র চলছে। এ অবস্থায় যেকোনো ধরণের অপপ্রচার ও ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে তিনি ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ২৯, ২০১৮ ১৩:৪৪ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন বানচাল করতে সন্ত্রাস ও নানা ষড়যন্ত্র চলছে। এ অবস্থায় যেকোনো ধরণের অপপ্রচার ও ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে তিনি ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

আজ (শনিবার) সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে দুর্বৃত্তের হামলায় আহত দিনাজপুর আওয়ামী লীগ নেতা ডাক্তার মাহবুবুর রহমানকে দেখতে গিয়ে তিনি একথা বলেন। চিকিৎসক ও পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীকে জানান, হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে ডাক্তার মাহবুবের উপর হামলা হয়। চাপাতির কোপ ঠেকাতে গিয়ে তার দুই হাতের চারটি আঙুল মারাত্মক আঘাত পায়। তবে অস্ত্রোপাচারের পর তিনি শংকামুক্ত।

এ সময় শেখ হাসিনা বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট বা বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দিলে তাতে বিভ্রান্ত না হয়ে ভোটারসহ সবাইকে শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকতে হবে।  

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের সর্বস্তরের নেতা-কর্মীসহ প্রার্থীদের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে অবস্থান করার আহবান জানিয়ে বলেছেন, যদি জাতীয় ঐক্যফ্রন্ট বা বিএনপি নির্বাচন বয়কটের ঘোষণাও দেয় তবুও আপনারা বিভ্রান্ত হবেন না।

তিনি বলেন, ‘আমি সবাইকে সাবধান করে দিচ্ছি বিএনপি-জামায়াতের একটি চরিত্রই রয়েছে নির্বাচনের মাঝপথেই তারা ঘোষণা দিতে পারে নির্বাচনে আমরা অংশ নিব না এবং আমরা নির্বাচন বয়কট করলাম। সেক্ষেত্রে আমি আমাদের প্রার্থী এবং অন্যদলের যারা রয়েছেন তাদেরকে বলব নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভোট চালিয়ে যেতে।’

এর আগে, ভারতের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ডব্লিউআইওএনকে (ওয়ার্ল্ড ইজ ওয়ান নিউজ) দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড বা নাশকতা চালানোর চেষ্টা করছে পাকিস্তান ও দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই)। এই চেষ্টায় তাদের সঙ্গে আছেন বিএনপির নেতারা।

সজীব ওয়াজেদ জয়

বিএনপি-জামায়াত বিশাল ব্যবধানে পরাজিত হবে: জয়

এদিকে, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় আজ (শনিবার) তার ফেসবুকে পেইজে দেয়া এক স্ট্যাটাসে আশংকা প্রকাশ করেছেন, আমার বিশ্বাস কালকের নির্বাচনে নৌকা মার্কা বড় জয়ের পথে। সকল জনমত জরিপ বলছে, বিএনপি-জামায়াত বিশাল ব্যবধানে পরাজিত হবে। তাই তারা তৎপর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে।

সজীব ওয়াজেদ জয় লেখেন, আমার ধারণা তারা নির্বাচন ব্যাহত করার ও ভোট কেন্দ্র দখলের চেষ্টা করবে, এমনকি মাঝপথে নির্বাচন থেকে সরেও আসতে পারে। তাদের ফাঁদে পা দেবেন না। ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত আপনাদের নির্বাচনী দায়িত্ব চালিয়ে যাবেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৯

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন