বাংলাদেশে ভোটযুদ্ধ শুরু: জয়ের ব্যাপারে আশাবাদী আ. লীগ ও ঐক্যফ্রন্ট
https://parstoday.ir/bn/news/bangladesh-i66950-বাংলাদেশে_ভোটযুদ্ধ_শুরু_জয়ের_ব্যাপারে_আশাবাদী_আ._লীগ_ও_ঐক্যফ্রন্ট
কঠোর নিরাপত্তা ও টানটান উত্তেজনার মধ্যদিয়ে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ (রোববার) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ৩০, ২০১৮ ০৫:৫৩ Asia/Dhaka
  • বাংলাদেশে ভোটযুদ্ধ শুরু: জয়ের ব্যাপারে আশাবাদী আ. লীগ ও ঐক্যফ্রন্ট

কঠোর নিরাপত্তা ও টানটান উত্তেজনার মধ্যদিয়ে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ (রোববার) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আজ দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ভোট হচ্ছে ২৯৯টিতে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে গাইবান্ধা-৩ আসনে ভোট হচ্ছে না। সেখানে ভোটগ্রহণ করা হবে ২৭ জানুয়ারি। ৩৯টি নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে এই নির্বাচনে মোট ১ হাজার ৮৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নৌকার জয় হবেই হবে: প্রধানমন্ত্রী

সকাল ৮টার কিছু পরে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোট দেওয়ার পর জয়ের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আই অ্যাম অলওয়েজ কনফিডেন্ট। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমার বিশ্বাস, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শক্তির জয় হবে। স্বাধীনতার পক্ষের জয় হবে। উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখার জন্য নৌকা মার্কার ভোট দেবে। আমি জানি বাংলার জনগণ আমাদেরকে বেছে নেবে জনগণ। নৌকার জয় হবেই হবে।’

জাতীয় ঐক্যফ্রন্টের জয় সুনিশ্চিত: ফখরুল

বিএনপি মহাসচিব এবং ঐক্যফ্রন্ট মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।

এ সময় তিনি বলেন, ‘এখন পর্যন্ত পরিবেশ সুষ্ঠু আছে। এ রকম থাকলে ভোট যুদ্ধে একটা বিপ্লব ঘটবে এবং জাতীয় ঐক্যফ্রন্টের জয় সুনিশ্চিত’।

নোয়াখালী-৩ আসনে একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বেগমগঞ্জ উপজেলার শরিফপুর ইউনিয়নে পূর্ব বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ও বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার রুহুল আমিন এ বিষয়ে বলেন, ‘ভোরে দুর্বৃত্তরা নির্বাচনি সরঞ্জামাদি লুট করে নেওয়ার কারণে এই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।’

এছাড়া নোয়াখালী-২ আসনের একটি কেন্দ্রে হামলা চালিয়ে নির্বাচন সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। হামলায় আহত হয়েছেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ ছয়জন।

জেলার পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফ বলেন, শনিবার রাত ১১টার দিকে সোমাইমুড়ি উপজেলার এবতেদায়ি নুরানি মাদ্রাসা কেন্দ্রে এই হামলা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যায়। এখন সব পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

তেজগাঁওয়ের একটি কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন

লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে গুলিতে যুবক নিহত

লক্ষ্মীপুর-৩ (সদর) নির্বাচনী আসনের একটি ভোটকেন্দ্রে গুলিতে এক যুবক নিহত হয়েছেন। আনুমানিক  ৩৫ বছর বয়সী ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

ভোটের আগে গতকাল শনিবার রাত ১০টার দিকে লক্ষ্মীপুর জেলা সদরের দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ওই ঘটনা ঘটে।

চট্টগ্রামের বাঁশখালীতে সংঘর্ষে নিহত ১

একাদশ জাতীয় নির্বাচনের ভোট উৎসব শুরুর প্রাক্কালেই চট্টগ্রামের বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষে ১ ব্যক্তি নিহত হয়েছেন। রোববার ভোররাতে সদর পৌরসভার বড়ইতলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল বলেন, দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহমদ কবির নামের এক ব্যক্তি নিহত হন। লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় জানা যায়নি।

রাঙামাটিতে যুবলীগ কর্মী নিহত

রাঙামাটি জেলোর কাউখালি উপজেলায় ঘাগড়া ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাছির উদ্দিন (৩৫) নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ১০ জন। রবিবার (৩০ ডিসেম্বর) ভোটগ্রহণের আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

কাউখালি উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও শরিকদের মিলিয়ে নৌকা মার্কায় ২৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর বিপরীতে ধানের শীষ প্রতীকে বিএনপি ও শরিকদের প্রার্থী রয়েছেন ২৮২ জন। আর সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলনের। এই দলটি ২৯৯টি আসনে প্রার্থী দিয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন