বাংলাদেশে নির্বাচনী সহিংসতায় আনসার সদস্যসহ নিহত ১৬
https://parstoday.ir/bn/news/bangladesh-i66954-বাংলাদেশে_নির্বাচনী_সহিংসতায়_আনসার_সদস্যসহ_নিহত_১৬
বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে সহিংসতায় এক আনসার সদস্যসহ ১৬ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই সরকার ও বিরোধী দলের সমর্থক।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ৩০, ২০১৮ ১১:১৬ Asia/Dhaka
  • ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিএনপি’র প্রার্থী খালেদ হোসেন শ্যামলের গাড়িতে অগ্নিসংযোগ
    ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিএনপি’র প্রার্থী খালেদ হোসেন শ্যামলের গাড়িতে অগ্নিসংযোগ

বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে সহিংসতায় এক আনসার সদস্যসহ ১৬ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই সরকার ও বিরোধী দলের সমর্থক।

নোয়াখালী

নোয়াখালীর-৩ (বেগমগঞ্জ) আসনের আলাইয়াপুর ইউনিয়নের তুলাচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নুরনবী নামে এক আনসার সদস্য দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আমিন মোল্লা জানান, বিএনপি-জামায়াত কর্মীরা হঠাৎ কেন্দ্রে এসে কয়েকটি গুলি করে পালিয়ে যায়। এতে আনসার সদস্য নুর নবী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

কুমিল্লা

কুমিল্লার চান্দিনায় মুজিব (৩৫) নামে জাতীয় ঐক্যফ্রন্টের এক সমর্থক গুলিতে নিহত হয়েছেন। পুলিশের দাবি, ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই করার সময় সময় গুলি চালালে সে নিহত হয়।

কুমিল্লা-৭ আসনে পশ্চিম বেলাশ্বর ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। স্থানীয় এলডিপি প্রার্থী জানান নিহত ব্যক্তি ঐক্যফ্রন্টের সমর্থক। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মিয়া নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কুমিল্লা-১০ আসনের মুরগাঁ ভোটকেন্দ্রে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় বাচ্চু মিয়া (৪৫) নামে বিএনপির এক সমর্থক নিহত হয়েছেন। নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন। তবে নিহত হওয়ার কথা তিনি নিশ্চিত করেননি।

চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগ, বিএনপি ও ‘মোমবাতি’ প্রতীকের প্রার্থীর সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষে ১৮ বছর বয়সী আবু সাদেক নামের এক তরুণ নিহত হয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সংঘর্ষের মাঝখানে পড়ে তিনি প্রাণ হারিয়েছেন। নিহত সাদেককে নিজেদের কর্মী হিসেবে পাল্টাপাল্টি দাবি করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বিএনপি।

এর আগে সকালে ভোট শুরুর কিছুক্ষণ আগে প্রতিপক্ষের গুলিতে মারা যান কবির (৩৫) নামের আরেক ব্যক্তি। তিনি জাতীয় পার্টির (জাপা-এরশাদ) কর্মী বলে দাবি করা হয়েছে। পরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল।

ভোররাতে ভোট শুরুর কিছুক্ষণ আগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের বরইতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ওই ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল।

রাজশাহী

রাজশাহী-৩ আসনের মোহনপুরে পাকুরিয়া উচ্চ বিদ্যালয়ে বিএনপির হামলায় আওয়ামী লীগ সমর্থক মেরাজুদ্দিন (২২) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিলেট 

সিলেটের বালাগঞ্জ উপজেলার আদিত্যপুরে বিকেল ৩টার দিকে পুলিশের গুলিতে সায়েম আহমদ সোহেল (২৬) নামে এক ছাত্রদল নেতা নিহত হন। সায়েম উপজেলার তালতলা নলজুড় গ্রামের ফজলু মিয়ার ছেলে ও বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক।

দিনাজপুর

দিনাজপুর-২ আসনে শহরগ্রাম প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনায় একজন সাধারণ ভোটার নিহত হয়েছেন। নিহতের নাম কিনা মোহাম্মদ (৬৫)। তিনি হার্ট এটাকে মারা গেছেন বলে দাবি করা হচ্ছে।

রাঙ্গামাটি

রাঙ্গামাটির কাউখালি উপজেলায় একটি ভোটকেন্দ্রে সকালে বিএনপির সঙ্গে সংঘর্ষে যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। তার নাম মো বসির উদ্দিন (৩২)। কাউখালী থনার ওসি মঞ্জুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কক্সবাজার

কক্সবাজার-১ আসনে (পেকুয়া) রাজাখালী ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত আবদুল্লাহ আল ফারুক (২০) ছাত্রলীগ কর্মী। আজ বেলা ১২ টার দিকে ভোট কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। জানা যায়, ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মাতব্বর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ২০০ গজ দূরে ভোট নিয়ে উপস্থিত আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া বেধে যায়। একপর্যায়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ কর্মী আবদুল্লাহ আল ফারুক নিহত হন। পেকুয়া থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

বগুড়া

বগুড়া ৪ আসনে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আজিজুল হক (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। কাহালু থানার ওসি শওকত কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গাজীপুর

গাজীপুর মহানগরের হাড়িনাল এলাকায় রোববার দুপুরে নির্বাচনী সহিংসতায় একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন কাজী আজিম উদ্দিন কলেজের ছাত্রলীগের সাবেক ভিপি মো. লিয়াকত হোসেন (৪০)। তিনি মহানগর ছাত্রলীগের সাবেক সভাতি মাসুদ রানা এরশাদের বড় ভাই।

ব্রাহ্মণবাড়িয়া

সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ১১টার দিকে গুলিবিদ্ধ হয়ে ইসরাইল মিয়া (১৯) নামে এক যুবক নিহত হন। তিনি রাজঘর গ্রামের ছাওয়াল মিয়ার ছেলে। পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

নরসিংদী

শিবপুর উপজেলায় দুপুর সাড়ে ১২টার দিকে ভোটকেন্দ্রে মিলন মিয়া (৩০) নামে নৌকার এক এজেন্টকে গলাকেটে হত্যা করেন আওয়ামী লীগের বিরোধী প্রার্থীর (স্বতন্ত্র) সমর্থকরা।

লালমনিরহাট

সদর উপজেলার রাজপুর ইউনিয়নের পাগলারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দুপুরে আওয়ামী লীগ-বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়ায় ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক তোজাম্মেল হক (৬৫) নিহত হন। তিনি ওই এলাকার খলাইঘাট গ্রামের বাসিন্দা।

নাটোর

নাটোরের নলডাঙ্গায় ভোট দিতে যাওয়াকে কেন্দ্র করে বিএনপি সমর্থক ভাতিজা রতন আহমেদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ কর্মী চাচা হোসেন আলীর মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার সমাস খলসি দিয়ারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হোসেন আলী একই এলাকার অছিমুদ্দিনের ছেলে।

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও এলাকাবাসী জানান, উপজেলার সমাস খলসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যায় বিএনপি সর্মথক রতন আহমেদ ও তার স্ত্রী। এসময় আওয়ামী লীগ কর্মী চাচা হোসেন আলী তাদের বাধা দেয় এবং পরে বাড়িতে গিয়ে ভাতিজাকে চড় থাপ্পড় মারে। এতে ভাতিজা রতন ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে চাচা হোসেন আলীর পেটে আঘাত করে। এসময় স্থানীয়রা এগিয়ে গিয়ে আহত অবস্থায় হোসেন আলীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া, যশোর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের গাড়িতে দুই দফা হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এ সময় তাকেও লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ওদিকে, আজ সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদরও বিজয়নগর) আসনের বিএনপির প্রার্থী  খালেদ হোসেন মাহবুবের পুনিয়াউটের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।#

পার্সটুডে/আশরাফুর রহমান/আবদুর রহমান খান/২০

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন