পুনর্নির্বাচনের দাবি অযৌক্তিক, জনগণ এর জবাব দেবে: আওয়ামী লীগ
https://parstoday.ir/bn/news/bangladesh-i66987-পুনর্নির্বাচনের_দাবি_অযৌক্তিক_জনগণ_এর_জবাব_দেবে_আওয়ামী_লীগ
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের পুনর্নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ। আজ (সোমবার) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এ কথা জানান।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ৩১, ২০১৮ ১১:৩৩ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন আব্দুর রহমান
    সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন আব্দুর রহমান

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের পুনর্নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ। আজ (সোমবার) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এ কথা জানান।

গতকাল অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট প্রার্থীরা ২৮৮ আসনে জয়লাভ করেছেন। অন্যদিকে বিএনপি ও তার শরিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে মাত্র ১০টি আসন। নির্বাচনের এ ফলকে প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি করছে জাতীয় ঐক্যফ্রন্ট।

এ বিষয়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে আওয়ামী লীগের মুখপাত্র আব্দুর রহমান বলেন, "আমরা তাদের এ দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। তাদের পুনর্নির্বাচনের দাবি অযৌক্তিক ও গণবিরোধী। এই দাবি করে জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ঐক্যফ্রন্ট। জনগণ এর জবাব দেবে। তাই আমরা অনুরোধ জানাচ্ছি, তাদের এ বক্তব্য প্রত্যাহার করার জন্য।"

আব্দুর রহমান আরও বলেন, "৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় এনে দেওয়ার মাধ্যমে দেশের সাম্প্রদায়িক শক্তিকে চিরতরে ভেঙে দিয়েছে জনগণ। আমরা তাদের অভিনন্দন জানাই। এই বিজয় জনগণের।"

তিনি বলেন, "আজ প্রমাণ হলো বাংলাদেশের মানুষ ন্যায়ের পক্ষে আছে। তারা সততাকে সম্মান দেয়। শেখ হাসিনাকে ভালোবাসে। তবে আমরা এ জয়ে কোনো আনন্দ মিছিল করবো না। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা করব। শুকরিয়া জানাব।"

আব্দুর রহমান বলেন, "আওয়ামী লীগের এই নিরঙ্কুশ বিজয়, ঐতিহাসিক। সারাদেশে মানুষ আনন্দের জোয়ারে ভাসছে। এই বিজয় গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভূতপূর্ব উন্নয়নের। এছাড়া আগামী দিনের পথচলার জন্য তিনি যে প্রতিশ্রুতি এবং নির্দেশনা দিয়েছেন সেজন্য দেশের জনগণ আওয়ামী লীগকে বিজয়ী করেছে। তাই জনগণকে ধন্যবাদ জানাই। এছাড়া শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাতে চাই।"

এসময় তিনি জানান, বিদেশি সাংবাদিক এবং পর্যবেক্ষদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩১

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন