প্রতিহিংসায় যাবেন না, বাড়াবাড়ি করবেন না: নেতাকর্মীদের প্রতি কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি কোনো ধরনের প্রতিহিংসা না দেখাতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ (সোমবার) সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার রূপালী চত্বরে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, "আপনারা প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রতি প্রতিহিংসায় যাবেন না। যেটা আমরা অতীতেও যাইনি। ২০০১ সালে আমাদের অনেক বেদনা আছে। ২০১৪ সালেরও আছে। তখন আমাদের অনেককে ঘর-বাড়ি ছেড়ে বছরের পর বছর বাইরে থাকতে হয়েছে। আমি তার কোনোটির পুনরাবৃত্তি করব না। আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমি প্রতিপক্ষের ওপর কোনো প্রকার প্রতিশোধ নেওয়ার পক্ষপাতী নই।"
বিজয় মিছিল করার কোনো প্রয়োজন নেই মন্তব্য করে তিনি বলেন, “আমাদের নেত্রীর নির্দেশনা অনুযায়ী আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী মিছিল করতে না করেছেন। আপনার ধৈর্য্যের সঙ্গে, সংযমের সঙ্গে এই বিজয়ের আনন্দ নিজেরা ঘরোয়াভাবে উদযাপন করবেন। কেউ বাড়াবাড়ি করবেন না। আমাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ, কারও সঙ্গে খারাপ আচরণ করবেন না।”
ওবায়দুল কাদের বলেন, "আমার এসব কথা শুধু এখানে প্রযোজ্য নয়। এসব কথা বৃহত্তর নোয়াখালীসহ সারা দেশের জন্য প্রযোজ্য। আমাদের নেত্রী শেখ হাসিনারও একই নির্দেশ।"
নেত্রীর নির্দেশনা বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব নেতা-কর্মীকে মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, "সবার প্রতি আহ্বান জানাব, আমাদের পরবর্তী কার্যক্রম যেন মানুষের সঙ্গে ভালো আচরণে পরিণত হয়।"
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, "দলের যে শিক্ষা, বঙ্গবন্ধুর যে শিক্ষা, শেখ হাসিনার যে শিক্ষা, তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তিনি আত্মসমালোচনা করে বলেন, ভুল মানুষই করে। অতীতে যদি কোনো ভুল হয়ে থাকে, আমরা অতীতের সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন পথে যাত্রা করব। ভুল সংশোধন করার সৎ সাহস শেখ হাসিনার আছে। সব ভুল সংশোধন করে আমরা নতুন করে যাত্রা শুরু করব। উন্নয়ন নিয়ে ভালো আচরণ নিয়ে আমরা একটি ঐতিহ্যবাহী দল হিসেবে এগিয়ে যাব।"
বাংলাদেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে গতকাল ২৯৯টিতে ভোট হয়েছে, তার মধ্যে ২৯৮টির ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ২৫৯টি আসনে পেয়েছে আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা। আর তাদের নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ২৮৮ আসন। এর বিপরীতে বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের ভরাডুবি হয়েছে। তাদের ধানের শীষের প্রার্থীরা মাত্র সাতটি আসনে জয়ী হতে পেরেছে। ইতোমধ্যে ভোটের ফল প্রত্যাখ্যান করে নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৩১
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন