সোমবার নতুন মন্ত্রিসভার শপথ; নতুন সংসদ ও সরকারের কাছে প্রত্যাশা
https://parstoday.ir/bn/news/bangladesh-i67091-সোমবার_নতুন_মন্ত্রিসভার_শপথ_নতুন_সংসদ_ও_সরকারের_কাছে_প্রত্যাশা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। টানা তৃতীয়বার এবং মোট চারবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল হামিদ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ০৪, ২০১৯ ১৪:৩৫ Asia/Dhaka
  • শপথ নিচ্ছেন শেখ হাসিনাসহ নবনির্বাচিত সংসদ সদস্যরা
    শপথ নিচ্ছেন শেখ হাসিনাসহ নবনির্বাচিত সংসদ সদস্যরা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। টানা তৃতীয়বার এবং মোট চারবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল হামিদ।

গতকাল (বৃহস্পতিবার) বিকেলে রাষ্ট্রপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে এ আমন্ত্রণ জানান তিনি। এ সময়, নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনাও করেন তারা। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ দেয়ার এখতিয়ার প্রেসিডেন্টের। নতুন সরকারের মন্ত্রিসভার শপথও পড়াবেন তিনি।

এর আগে, জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত ২৯১ জন সংসদ সদস্য। এরমধ্যে আওয়ামী লীগের ২৫৬ জন, জাতীয় পার্টির ২১ জনসহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিতরাও আছে। শপথ নেননি ৯ জন। শপথ নিতে সময়ের আবেদনের পর ইন্তেকাল করেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। শপথ নেননি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। আর শপথ বর্জন করেন বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের ৭ জন নির্বাচিত সদস্য। শপথ গ্রহণের পর, সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচন করে আওয়ামী লীগ।

নতুন সংসদ ও সরকারের কাছে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। তিনি বলেন, একাদশ জাতীয় নির্বাচনে অভাবনীয় ফল এসেছে, যা ১৯৭৩-এর কথা মনে করিয়ে দেয়। বিরোধীরা শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে। এখন দেখার বিষয় কতজন শপথ গ্রহণ করে। এমন বাস্তবতায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় ট্রেজারি বেঞ্চের সদস্যদের মধ্যে শৈথিল্য দেখা যেতে পারে। এ বিষয়ে হুইপদের সতর্ক থাকতে হবে। ফলাফলের কারণে ওয়েস্ট মিনিস্টার ফর্মের সংসদ হয়তো এখানে পাওয়া যাবে না। কিন্তু সবাই আন্তরিক হলে কার্যকর সংসদ প্রতিষ্ঠা সম্ভব।

আর নতুন মন্ত্রিসভায় নতুন মুখও দেখতে চান ড. কলিমউল্লাহ। তার আশা, নতুনদের সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভার বাইরে থাকা প্রাজ্ঞ ব্যক্তিদের নতুন করে দায়িত্ব দেয়া হবে। যাতে তারুণ্যের শক্তির সঙ্গে অভিজ্ঞতার সমন্বয়ে জাতি উপকৃত হয়।

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মহাজোট পেয়েছে ২৮৮ আসন। অন্যদিকে তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট সব মিলিয়ে সাতটি আসন পেয়েছে। প্রার্থীর মৃত্যুতে গাইবান্ধার একটি আসন ও কয়েকটি কেন্দ্রে গোলযোগের কারণে ব্রাহ্মণবাড়িয়ার একটি আসনে ভোট স্থগিত করা হয়। এ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ এনে, ফল প্রত্যাখ্যান করে নতুন নির্বাচন দাবি করেছে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট। একইসঙ্গে নির্বাচিত সদস্যরাও শপথ গ্রহণ থেকে বিরত থেকেছেন।

দলীয়ভাবে আওয়ামী লীগ এককভাবে পেয়েছে ২৫৭টি আসন। এছাড়া জাতীয় পার্টি ২২টি, বিএনপি ৫টি, গণফোরাম ২টি, ওয়াকার্স পার্টি ৩টি, বিকল্পধারা বাংলাদেশ দু’টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) দু’টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন একটি এবং জাতীয় পার্টি (জেপি) একটি আসনে বিজয়ী হয়েছে। এছাড়া তিনজন স্বতন্ত্র সদস্য নির্বাচিত হয়েছেন।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন