'আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ বিএনপির নালিশ ছাড়া অবলম্বন কী?'
https://parstoday.ir/bn/news/bangladesh-i67107-'আন্দোলন_ও_নির্বাচনে_ব্যর্থ_বিএনপির_নালিশ_ছাড়া_অবলম্বন_কী_'
৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেসব কথাবার্তা বলছেন তা 'আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ একজন রাজনীতিকের অসংলগ্ন সংলাপ' বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ০৫, ২০১৯ ১১:৪৭ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেসব কথাবার্তা বলছেন তা 'আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ একজন রাজনীতিকের অসংলগ্ন সংলাপ' বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ (শনিবার) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভার সূচনা বক্তব্য শেষে তিনি এ মন্তব্য করেন। বিএনপি নেতারা বিভিন্ন দূতাবাসে গিয়ে এখন বিদেশিদের কাছে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা বন্ধ করার আহ্বান জানাচ্ছেন, এমন প্রসঙ্গের অবতারণা হলে তারও জবাব দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ বিদেশিদের কাছে নালিশ করা ছাড়া এখন তাদের আর অবলম্বন কী?’

ওবায়দুল কাদের বলেন, ‘১০ বছর ধরে একটা আন্দোলন করতে পারে নাই। জাতীয় নির্বাচনে তারপরও অংশ নিয়েছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু নির্বাচনেও তারা চরমভাবে ব্যর্থ। আন্দোলনে ব্যর্থ। এখন তাদের আর অবলম্বন কি আছে? নালিশ করা ছাড়া? দেশের লোকের কাছে তো অনেক বলেছে, এখন বিদেশিদের কাছে তারা নালিশ করে যাচ্ছে। সেটা তাদের পুরনো অভ্যাস। পুরনো অভ্যাসের পুনরাবৃত্তি হচ্ছে। এখানে আমাদের কী বলার আছে?’

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে কি না- সাংবাদিকরা জানতে চাইলে কাদের বলেন, “সৈয়দ আশরাফের ব্যাপারটা আমাদের ওপর ছেড়ে দিন। নিশ্চয়ই আমাদের চেয়ে বেশি দরদ আপনাদের নেই। আমরা একসঙ্গে ছিলাম, আমাদের নেতাকর্মীদেরও এখানে অনুভূতি আছে। চিন্তা করতে হবে যে তিনি কতদিন ধরে হাসপাতালে ছিলেন। এ ধরনের কঠিন ব্যাধির পর তাকে এতদিকে টানা-হেঁচড়া করা উচিত হবে না। এসব অনেক কিছু বিবেচনা করেই আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এই প্রোগ্রামটা সাজিয়ে দিয়েছেন।”

সূচনা বক্তব্যের শুরুতে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

যৌথসভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন