বাংলাদেশে সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে: ড. কামাল
https://parstoday.ir/bn/news/bangladesh-i67118-বাংলাদেশে_সাংবিধানিক_সংকট_সৃষ্টি_হতে_পারে_ড._কামাল
বাংলাদেশের বিরোধী রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, কারচুপির মাধ্যমে সংবিধান লঙ্ঘন করে এই সরকার প্রহসনের নির্বাচন করেছে। এতে সুস্পষ্ট সংবিধান লঙ্ঘন হয়েছে। এর মাধ্যমে সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ০৫, ২০১৯ ১৫:৫৫ Asia/Dhaka

বাংলাদেশের বিরোধী রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, কারচুপির মাধ্যমে সংবিধান লঙ্ঘন করে এই সরকার প্রহসনের নির্বাচন করেছে। এতে সুস্পষ্ট সংবিধান লঙ্ঘন হয়েছে। এর মাধ্যমে সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে।

আজ (শনিবার) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. কামাল বলেছেন, "এই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন বলে দাবি করেছেন তারা আসলে নির্বাচিত নয়; যে গেজেট প্রকাশ করা হয়েছে তা অবৈধ। আমরা ইতিপূর্বে এই নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি এবং আজও করছি।"

ড. কামাল বলেন, ‘বিরূপ পরিস্থিতির মধ্যেও আমাদের দুই প্রার্থীর জয় লাভ করেছেন, সেটি বড় অর্জন। গণফোরামের নির্বাচিত দুই সংসদ সদস্য শপথর ব্যাপারে আমরা ইতিবাচক। এই শপথ নেওয়ায় ঐক্যফ্রন্টে কোনো ফাটল ধরবে না। 

এসময় তিনি দ্রুত নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠনের দাবি করেন।

ধর্ষিতা পারুলের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল

বাংলাদেশ গণতন্ত্রবিহীন হলো: ফখরুল

এদিকে, জোটের অন্য শীর্ষ নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, নারকীয় সন্ত্রাসের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে আবার। এ কারণে আওয়ামী লীগ ও প্রশাসন গণশত্রুতে পরিণত হয়েছে।

নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষিত নারী পারুল বেগমকে দেখতে নোয়াখালী যাওয়ায় পথে আজ দুপুরে কুমিল্লায় বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা মনে করি, আওয়ামী লীগের এই রাষ্ট্রপক্ষকে সঙ্গে নিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া—এটা বাংলাদেশের রাজনীতিতে একটা দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করল। একটা অন্ধকার যুগে প্রবেশ করল এবং বাংলাদেশ গণতন্ত্রবিহীন হলো।

ওবায়দুল কাদের

'ফখরুলের কথাবার্তা ব্যর্থ একজন রাজনীতিকের অসংলগ্ন সংলাপ'

তবে,  ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেসব কথাবার্তা বলছেন তা 'আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ একজন রাজনীতিকের অসংলগ্ন সংলাপ' বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ (শনিবার) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভার সূচনা বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ বিদেশিদের কাছে নালিশ করা ছাড়া এখন তাদের আর অবলম্বন কী?’

নির্বাচনে অনিয়মের তদন্ত চেয়েছে নরওয়ে

অপরদিকে, বাংলাদেশের সদ্য সমাপ্ত  জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় অনিয়মের অভিযোগের পূর্ণ ও স্বচ্ছ তদন্ত চেয়েছে নরওয়ে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যারিয়েন হেগেন এক বিবৃতিতে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে ওই তদন্ত করার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো বিরোধীদের নির্বাচনে অংশগ্রহণকে স্বাগত জানায় নরওয়ে। ৩০ ডিসেম্বরের ওই নির্বাচনে যেসব বাংলাদেশি ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকার চর্চা করেছে তাদেরও আমরা সাধুবাদ জানাই। তবে ওই নির্বাচনে হয়রানি ও ভীতি প্রদর্শনের বিশ্বাসযোগ্য যেসব রিপোর্ট নরওয়ে পেয়েছে তাতে উদ্বিগ্ন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় লেভেল প্লেয়িং ফিল্ডে যে বাধা ছিল তাতেও নরওয়ে উদ্বিগ্ন।

নির্বাচনী প্রচার-প্রচারণা এবং ভোটের দিনে যে সহিংসতা ও প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে তার নিন্দা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঘটনা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বচ্ছ এবং পরিপূর্ণ তদন্ত হওয়া জরুরি। পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ ও নরওয়ের মধ্যে ভালো ও দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী হেগেন বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য তার দেশ এখানকার সরকার, বিরোধী দল এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে (ভবিষ্যতেও) কাজ করে যাবে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন